logo
Advertisement

অস্ট্রিয়ায় ১৪ বছরের কম বয়সী ছাত্রীদের হিজাব নিষিদ্ধ

রয়টার্স
রয়টার্স
অস্ট্রিয়ায় ১৪ বছরের কম বয়সী ছাত্রীদের হিজাব নিষিদ্ধ
অস্ট্রিয়া ১৪ বছরের কম বয়সী মেয়েদের স্কুলে হিজাব পরার ওপর নিষেধাজ্ঞা কার্যকর করেছে।

অস্ট্রিয়ায় ১৪ বছরের কম বয়সী মেয়ে শিক্ষার্থীদের স্কুলে হিজাব পরার ওপর নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। সোমবার থেকে রাজধানী ভিয়েনাসহ দেশটির সব এলাকায় নতুন এই আইন কার্যকর করা হয়েছে।

এর আগে গত বছরের ডিসেম্বরে অস্ট্রিয়ার পার্লামেন্টে ১৪ বছরের কম বয়সী ছাত্রীদের হিজাব পরা নিষিদ্ধ করার বিষয়ে একটি বিল পাস হয়। আইনটির পক্ষে যুক্তি হিসেবে বলা হয়, হিজাব মেয়েশিশুদের স্বাধীনতা ও স্বাভাবিক বিকাশের পথে বাধা সৃষ্টি করতে পারে। পার্লামেন্টে ভোটাভুটির সময় ক্ষমতাসীন জোটের তিন শরিক দলের প্রায় সব সদস্যই বিলটির পক্ষে অবস্থান নেন।

বিলটি পাসের পর এর বিরোধিতা করে অস্ট্রিয়ার মুসলিমদের প্রতিনিধিত্বকারী সংগঠন দ্য ইসলামিক রিলিজিয়াস কমিউনিটি ইন অস্ট্রিয়া (আইজিজিও)। সংগঠনটির দাবি ছিল, নতুন আইনটি দেশটির সংবিধানে সুরক্ষিত মৌলিক ও মানবাধিকারের সঙ্গে সাংঘর্ষিক। পরে আইনটি বাতিলের দাবিতে তারা সাংবিধানিক আদালতে আবেদন করে।

তবে চলতি বছরের জুলাইয়ে অস্ট্রিয়ার সাংবিধানিক আদালত আইজিজিওর আবেদন খারিজ করে দেন। আদালত পর্যবেক্ষণে বলেন, নাগরিকদের মধ্যে বৈষম্য সৃষ্টি করে— এমন কোনো ব্যবস্থা অস্ট্রিয়ার সংবিধানের সমর্থন পেতে পারে না।

সোমবার দেশটির জাতীয় সম্প্রচারমাধ্যম ওআরএফকে দেওয়া এক সাক্ষাৎকারে শিক্ষামন্ত্রী বলেন, পার্লামেন্টে বিলটি উত্থাপনের আগে সরকার বিষয়টি ব্যাপকভাবে পর্যালোচনা করেছে। সংবিধানের সঙ্গে আইনের কোনো সংঘাত যাতে না হয়, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে বলেও জানান তিনি।

এদিকে, নতুন হিজাব নিষেধাজ্ঞার বিরুদ্ধে অস্ট্রিয়ার বামপন্থী দলগুলো প্রতিবাদ কর্মসূচি ও আন্দোলনের ঘোষণা দিয়েছে। ফলে আইনটি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে দেশটিতে এ নিয়ে রাজনৈতিক ও সামাজিক বিতর্কও নতুন করে জোরালো হয়েছে।