বাংলাদেশের ওপর নতুন করে শুল্ক আরোপ, পাঁচ কারণ দেখাল ট্রাম্প প্রশাসন

বাংলাদেশসহ বিশ্বের ১৪টি দেশ ও অঞ্চলের পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এসব দেশের বিরুদ্ধে নিজস্ব শিল্পপ্রতিষ্ঠানকে অতিরিক্ত সরকারি সহায়তা দিয়ে বৈশ্বিক বাজারে অন্যায্য প্রতিযোগিতার পরিবেশ তৈরির অভিযোগ তুলেছে ওয়াশিংটন।
বাংলাদেশের ক্ষেত্রে শিল্প ও বাণিজ্যনীতির পাঁচটি বিষয়কে ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। তবে এই শুল্ক এখনই কার্যকর হচ্ছে না। গণশুনানি ও জনমত গ্রহণের প্রক্রিয়া শেষে আগামী বছরের জানুয়ারি থেকে তা কার্যকর হতে পারে।
বুধবার (২৫ নভেম্বর) মার্কিন বাণিজ্য প্রতিনিধির দপ্তরের (ইউএসটিআর) ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন শুল্ক আরোপের প্রস্তাব তুলে ধরা হয়।
ওয়াশিংটনের অভিযোগ, শিল্পনীতি, উৎপাদনে প্রণোদনা, শ্রমিকদের অধিকার সুরক্ষায় দুর্বলতা, আর্থিক নীতি এবং বৈশ্বিক অতিরিক্ত উৎপাদন নিয়ন্ত্রণে ব্যর্থতার কারণে মার্কিন বাণিজ্য ও অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে বাংলাদেশের তৈরি পোশাক ও বস্ত্র খাতকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে।
ইউএসটিআরের বিজ্ঞপ্তিতে বাংলাদেশের যে পাঁচটি নীতি ও কর্মকাণ্ডে আপত্তি করেছে, সেগুলো নিচে তুলে ধরা হলো-
শিল্পনীতি ও সম্প্রসারণ পরিকল্পনা
বাংলাদেশের শিল্পনীতি বিশেষ করে গুরুত্বপূর্ণ খাতে উৎপাদনশিল্প ধরে রাখা ও সম্প্রসারণের পরিকল্পনাকে ‘অযৌক্তিক’ বলছে ওয়াশিংটন। শিল্প সম্প্রসারণ নীতি বলতে গুরুত্বপূর্ণ শিল্পকে সরকারি সহায়তা দিয়ে টিকিয়ে রাখা ও উৎপাদন সক্ষমতা বাড়ানোর পরিকল্পনাকে বোঝানো হয়। যুক্তরাষ্ট্রের আপত্তি হলো, এমন নীতি বাজারে অসম প্রতিযোগিতা ও অতিরিক্ত উৎপাদনের ঝুঁকি তৈরি করতে পারে।
উৎপাদন ও রপ্তানিতে প্রণোদনা
উৎপাদন ও রপ্তানি বাড়াতে সরকার যেসব আর্থিক ও নীতিগত প্রণোদনা দেয়, তা নিয়েও প্রশ্ন তুলেছে যুক্তরাষ্ট্র। দেশটির অভিযোগ, এসব সুবিধার কারণে মার্কিন উৎপাদক ও রপ্তানিকারকরা বাংলাদেশ এবং তৃতীয় দেশের বাজারে ন্যায্য বাণিজ্যিক সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।
শ্রমিকদের সুরক্ষায় ঘাটতি
শ্রম অধিকার ও কর্মপরিবেশের বিষয়টিও যুক্তরাষ্ট্রের আপত্তির তালিকায় রয়েছে। ওয়াশিংটনের মূল্যায়ন অনুযায়ী, বাংলাদেশ শ্রমিকদের সুরক্ষায় এখনও পর্যাপ্ত ব্যবস্থা নিচ্ছে না।
আর্থিক খাতে নিয়ন্ত্রণমূলক নীতি
আর্থিক খাতে সরকারের নিয়ন্ত্রণমূলক নীতির বিষয়ে আপত্তি জানিয়েছে যুক্তরাষ্ট্র। এর মাধ্যমে মূলত বাজারের স্বাভাবিক পরিস্থিতির বাইরে গিয়ে সুদের হার নির্ধারণ, ঋণ বিতরণে হস্তক্ষেপ এবং বিনিয়োগের ওপর আরোপিত বিভিন্ন বিধিনিষেধকে নির্দেশ করা হয়েছে।
অতিরিক্ত উৎপাদন ও বিদেশি বিনিয়োগ
বিশ্ববাজারে অতিরিক্ত উৎপাদন ও উৎপাদন সক্ষমতার সমস্যা মোকাবিলায় বাংলাদেশের ব্যর্থতাকে পঞ্চম আপত্তি হিসেবে উল্লেখ করেছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের অভিযোগ, বিশেষ করে বাজারভিত্তিক নয়, এমন অর্থনীতি থেকে আমদানি এবং সরাসরি বিদেশি বিনিয়োগের (এফডিআই) মাধ্যমে এই সমস্যা আরও প্রকট হচ্ছে।
ইউএসটিআরের দাবি, এসব নীতি ও কর্মকাণ্ড মার্কিন বাণিজ্যের ওপর চাপ তৈরি করছে এবং দেশটির বাণিজ্যিক স্বার্থ সীমিত করছে। এর ফলে বাংলাদেশ ও তৃতীয় দেশের বাজারে মার্কিন উৎপাদক ও রপ্তানিকারকদের ব্যবসার সুযোগ কমছে।
পাশাপাশি যুক্তরাষ্ট্রের উৎপাদন, রপ্তানি, কর্মসংস্থান ও বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে ওয়াশিংটনের মূল্যায়নে উল্লেখ করা হয়েছে। অ-বাজার অর্থনীতির দেশগুলোর উপকরণের ওপর নির্ভরতার কারণে মার্কিন অর্থনৈতিক নিরাপত্তার ঝুঁকিও বাড়ছে বলে দাবি করেছে ওয়াশিংটন।
(2)-6182f1.jpg)


