সৌদির সবচেয়ে বড় তেল শোধনাগারে হামলা

সৌদি আরবের সবচেয়ে বড় তেল শোধনাগার রাস তানুরায় হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি যোদ্ধারা। বিশ্বের অন্যতম বৃহৎ অপরিশোধিত তেল রপ্তানি টার্মিনালের পাশে অবস্থিত এই স্থাপনায় হামলার পর স্যাটেলাইট চিত্রে ঘন কালো ধোঁয়া উড়তে দেখা গেছে।
হুতির সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারে দাবি করেছেন, তেল শোধনাগারে চালানো হামলার কারণে সেখানে আগুন লেগেছে। বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র হামলাটির বিষয়টি নিশ্চিত করেছে বলে বুধবার (২৫ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে।
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা ও বাণিজ্যিক স্যাটেলাইট প্রতিষ্ঠান প্ল্যানেট ল্যাবসের তোলা চিত্রে দেখা গেছে, রাস তানুরা এলাকা থেকে ছড়িয়ে পড়া ধোঁয়া প্রায় ৬০০ বর্গকিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে, যা আয়তনে প্রায় শিকাগো শহরের সমান।
তবে সৌদি সরকার ও রাষ্ট্রীয় তেল প্রতিষ্ঠান সৌদি আরামকো এ বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাতের জের ধরে গত জুলাই মাসে ইয়েমেনের স্থবির গৃহযুদ্ধ ফের শুরু হয়েছে। এরপর থেকে রাজধানী সানাসহ পশ্চিম ইয়েমেনের বড় অংশের নিয়ন্ত্রণে থাকা হুতিরা সৌদি আরবের বিমানবন্দর, তেল অবকাঠামো ও গুরুত্বপূর্ণ ভবন লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে।
এর আগেও এ ধরনের হামলায় আরামকোর কিছু কার্যক্রম সাময়িকভাবে ব্যাহত হয়েছিল। এ ছাড়াও রিয়াদগামী বেশির ভাগ আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছিল সৌদি কর্তৃপক্ষ। পাশাপাশি এসব হামলার জেরে ফুটবলের এএফসি এশিয়ান কাপ ও সৌদি আরবের প্রধান বিনিয়োগ সম্মেলন ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভসহ (এফআইআই) বেশকিছু বড় আন্তর্জাতিক আয়োজন স্থগিত বা বাতিল করা হয়।
(2)-6182f1.jpg)


