logo

ইরানে যুক্তরাষ্ট্রের নতুন হামলার পর বাড়ল তেলের দাম

ইরানে যুক্তরাষ্ট্রের নতুন হামলার পর বাড়ল তেলের দাম
তেল উত্তোলনের দৃশ্য। ছবি: সংগৃহীত

ইরানের দক্ষিণাঞ্চলে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এ খবরের পর আন্তর্জাতিক বাজারে আবারও বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম।

মঙ্গলবার (২৬ মে) ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ২ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে।

এদিন ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৪০ ডলার বা প্রায় ১ দশমিক ৫ শতাংশ বেড়ে দাঁড়ায় ৯৭ দশমিক ৫৬ ডলারে। যদিও আগের সেশনে ব্রেন্টের দাম ৭ শতাংশ কমানো হয়েছিল।

এদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম দাঁড়িয়েছে ব্যারেলপ্রতি ৯১ দশমিক ২৫ ডলারে।

এর আগে ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনা ও সমুদ্রে মাইন স্থাপনের চেষ্টা করছিল এমন কয়েকটি নৌযানকে লক্ষ্য করে হামলা চালানো হয়। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এ তথ্য নিশ্চিত করে।

সেন্টকমের বরাতে বিবিসি জানায়, আত্মরক্ষামূলক পদক্ষেপ এসব হিসেবে হামলা চালানো হয়েছে। ইরানি বাহিনীর সম্ভাব্য হুমকি থেকে মার্কিন সেনাদের নিরাপত্তা দিতেই এ অভিযান চালনো হয়।

সেন্টকমের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স বলেন, চলমান যুদ্ধবিরতির মধ্যেও মার্কিন বাহিনী সংযম প্রদর্শন করছে। তবে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ অব্যাহত রয়েছে।

মার্কিন কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ইরানের গুরুত্বপূর্ণ বন্দরনগরী বন্দর আব্বাসের কাছাকাছি এলাকায় এসব হামলা চালানো হয়েছে। এখানে ইরানের একটি প্রধান নৌঘাঁটি রয়েছে এবং এটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির পাশে অবস্থিত।

তারও আগে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, বন্দর আব্বাস এলাকায় বিস্ফোরণের শব্দ শোনার পর স্থানীয় কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। তবে সর্বশেষ মার্কিন হামলার বিষয়ে এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি তেহরান।