logo

প্রতিনিধি পরিষদেও ডেমোক্র্যাটরা জয়ী, কংগ্রেসের দুই কক্ষেই নিয়ন্ত্রণ হারাল ট্রাম্পের দল

প্রতিনিধি পরিষদেও ডেমোক্র্যাটরা জয়ী, কংগ্রেসের দুই কক্ষেই নিয়ন্ত্রণ হারাল ট্রাম্পের দল
ওয়াশিংটন, ডি.সি.-তে অবস্থিত যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবন। ছবি: সিএসইউ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় ধরনের রাজনৈতিক বিপর্যয়ের মুখে পড়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি। সিনেটের পর এবার প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণও হারিয়েছে দলটি। এর ফলে কংগ্রেসের দুই কক্ষই ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে চলে গেছে। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শেষ দুই বছর দেশটির আইনসভায় বিরোধী দলের শক্তিশালী অবস্থানের মধ্য দিয়ে কাটতে যাচ্ছে।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) ও এনবিসি নিউজের নির্বাচনী পূর্বাভাস অনুযায়ী, প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে ডেমোক্র্যাটরা। এর আগে সিনেটেও দলটি প্রয়োজনীয় আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করে। ফলে ২০২৪ সালের নির্বাচনে রিপাবলিকানদের অর্জিত হোয়াইট হাউস, সিনেট ও প্রতিনিধি পরিষদ; তিন প্রতিষ্ঠানের একক নিয়ন্ত্রণ বা ‘ট্রাইফেক্টা’ ভেঙে গেল।

নির্বাচনের ফলাফলকে ট্রাম্প প্রশাসনের নীতি ও শাসনব্যবস্থার বিরুদ্ধে ভোটারদের অসন্তোষের প্রতিফলন হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, মূল্যস্ফীতি, ইরানের সঙ্গে যুদ্ধ এবং সরকারি দুর্নীতি নিয়ে উদ্বেগ এবারের নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

প্রতিনিধি পরিষদেও জিতল ডেমোক্র্যাটর জয়ী, কংগ্রেসের দুই কক্ষেই নিয়ন্ত্রণ হারাল ট্রাম্পের দল

এবারের নির্বাচনে ডেমোক্র্যাটরা শুধু নিজেদের শক্তিশালী অঙ্গরাজ্যেই নয়, রিপাবলিকানদের দীর্ঘদিনের আধিপত্য থাকা বিভিন্ন এলাকাতেও জয় পেয়েছে।

মেইনে রিপাবলিকান সিনেটর সুসান কলিন্সকে পরাজিত করেছেন ডেমোক্র্যাট প্রার্থী ট্রয় জ্যাকসন। কঠিন নির্বাচনী লড়াইয়ে টিকে থাকার অভিজ্ঞতা থাকা কলিন্সের পরাজয় রিপাবলিকানদের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

টেক্সাসে জেমস টালারিকো রিপাবলিকান কেন প্যাক্সটনকে পরাজিত করেছেন। কানসাসে অ্যাডাম হ্যামিলটন হারিয়েছেন বর্তমান সিনেটর রজার মার্শালকে। ওহাইওতে শেরড ব্রাউন পরাজিত করেছেন জন হাসটেডকে। এ ছাড়া সাউথ ক্যারোলাইনা ও নর্থ ক্যারোলাইনাতেও সিনেট আসন পেয়েছে ডেমোক্র্যাটরা।

আইওয়ায় জশ তুরেক রিপাবলিকান প্রার্থী অ্যাশলি হিনসনকে পরাজিত করেছেন। প্রতিনিধি পরিষদেও ট্রাম্পের ২০২৪ সালের নির্বাচনে বড় ব্যবধানে জয় পাওয়া বিভিন্ন আসনে ডেমোক্র্যাটরা সাফল্য পেয়েছে।

ট্রাম্পের বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি ডেমোক্র্যাটদের

কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ পাওয়ার পর ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে তদন্ত জোরদার করার ইঙ্গিত দিয়েছেন ডেমোক্র্যাট নেতারা।

তাদের পরিকল্পনায় প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের ভূমিকা, সরকারি অর্থের ব্যবহার এবং ট্রাম্পের পরিবারের সম্পদ বৃদ্ধির বিষয়গুলো খতিয়ে দেখার কথা রয়েছে। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং প্রযুক্তি উদ্যোক্তা ও ট্রাম্পের সাবেক উপদেষ্টা ইলন মাস্কও সম্ভাব্য তদন্তের আওতায় আসতে পারেন।

এ ছাড়া প্রেসিডেন্ট ট্রাম্প ও তাঁর মন্ত্রিসভার কর্মকর্তাদের বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরু করার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না ডেমোক্র্যাট নেতারা।

ডেমোক্র্যাটিক সিনেট নেতা চাক শুমার নির্বাচনী সাফল্যকে সিনেটের রাজনৈতিক মানচিত্রে ‘এক প্রজন্মের পরিবর্তন’ হিসেবে বর্ণনা করেছেন। প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট নেতা হাকিম জেফরিস বলেছেন, মার্কিন জনগণ বড় ধরনের পরিবর্তনের দাবি জানাচ্ছে।