logo

মদিনায় গুরুত্বপূর্ণ তেল পাইপলাইনে হামলা, স্থাপনায় আগুন

মদিনায় গুরুত্বপূর্ণ তেল পাইপলাইনে হামলা, স্থাপনায় আগুন
স্যাটেলাইট চিত্রে সৌদি আরবের আল-মদিনা প্রদেশের আল-ধিকরা এলাকার কাছে পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন। ছবি: রয়টার্স

সৌদি আরবের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে হামলার ঘটনা ঘটেছে। এতে দেশটির পশ্চিমাঞ্চলের মদিনা অঞ্চলে পাইপলাইনের একটি স্থাপনায় সীমিত অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। তবে জরুরি উদ্ধার ও অগ্নিনির্বাপণকারী দল দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি এবং পাইপলাইনের কার্যক্রমেও কোনো বিঘ্ন ঘটেনি বলে জানিয়েছে সৌদি জ্বালানি মন্ত্রণালয়।

সোমবার (৯ নভেম্বর) সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত জ্বালানি মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বক্তব্যে এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, হামলার খবর পাওয়ার পরপরই জরুরি সাড়াদানকারী দল ও বিশেষায়িত কারিগরি দল ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। অনুমোদিত নিরাপত্তা প্রটোকল ও জরুরি পরিকল্পনা অনুযায়ী স্থাপনাটি সুরক্ষিত করা এবং এর নিরাপত্তা যাচাইয়ের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডের পরও পাইপলাইনের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রয়েছে। অপরিশোধিত তেল পরিবহনেও কোনো প্রভাব পড়েনি। তবে হামলার ধরন, ব্যবহৃত অস্ত্র কিংবা কারা এর সঙ্গে জড়িত, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

হরমুজ প্রণালির বিকল্প গুরুত্বপূর্ণ রুট

সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট পাইপলাইন দেশটির অন্যতম কৌশলগত জ্বালানি অবকাঠামো। প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার দীর্ঘ এই পাইপলাইন পারস্য উপসাগরসংলগ্ন পূর্বাঞ্চলের তেল উৎপাদন এলাকাকে লোহিত সাগরের ইয়ানবু বন্দরের সঙ্গে যুক্ত করেছে।

হরমুজ প্রণালি এড়িয়ে সৌদি আরবের অপরিশোধিত তেল রপ্তানির জন্য পাইপলাইনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাতের কারণে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হওয়ায় এর কৌশলগত গুরুত্ব আরও বেড়েছে।

রয়টার্সের তথ্য অনুযায়ী, হরমুজ প্রণালিতে সরবরাহ বিঘ্নিত হওয়ার প্রেক্ষাপটে সৌদি আরব এই পাইপলাইন দিয়ে প্রতিদিন প্রায় ৪০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল ইয়ানবু বন্দরে পাঠাচ্ছে। যা বৈশ্বিক তেল সরবরাহের আনুমানিক ৪ শতাংশের সমান।

হামলার জন্য কোনো দেশ বা সশস্ত্র গোষ্ঠীকে সরাসরি দায়ী করেনি সৌদি কর্তৃপক্ষ। ফলে পাইপলাইনে হামলার সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তবে ঘটনাটি এমন এক সময়ে ঘটেছে, যখন সৌদি আরবের নেতৃত্বাধীন জোট এবং ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের মধ্যে উত্তেজনা বেড়েছে। সাম্প্রতিক সময়ে সৌদি ভূখণ্ড ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনাও ঘটেছে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের মধ্যে সৌদি আরবের মতো বিশ্বের অন্যতম বৃহৎ তেল রপ্তানিকারক দেশের গুরুত্বপূর্ণ পাইপলাইনে হামলা আন্তর্জাতিক জ্বালানি বাজারে নতুন উদ্বেগ তৈরি করতে পারে।

বিশেষ করে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন বাধাগ্রস্ত থাকায় ইস্ট-ওয়েস্ট পাইপলাইনের নিরাপত্তা বিঘ্নিত হলে বিশ্ববাজারে তেল সরবরাহের ওপর বাড়তি চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

সোহানুর রহমান

সম্পাদনা

সোহানুর রহমান

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট