ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়ায় নতুন নিয়ম

ভারতের ভিসা আবেদনের অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়ায় বেশ কিছু নতুন নির্দেশনা জারি করেছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)।
সোমবার (১৫ জুন) এক বিজ্ঞপ্তিতে এই নতুন নিয়মের কথা জানানো হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে পরবর্তী কার্যদিবসের অ্যাপয়েন্টমেন্ট স্লটগুলো তার আগের কার্যদিবসেই উন্মুক্ত বা প্রকাশ করা হবে।
নতুন নির্দেশনায় বলা হয়েছে, আবেদনকারীরা দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৪টার মধ্যে সাইন-আপ এবং নিজেদের ওয়েবফাইল আপলোড করতে পারবেন। যেসব আবেদনকারী এই সময়ের মধ্যে সফলভাবে ওয়েবফাইল আপলোড সম্পন্ন করবেন, কেবল তাদের জন্যই বিকেল ৫টা থেকে অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের প্রক্রিয়া শুরু হবে। তবে আপলোড করা ওয়েবফাইলটি অবশ্যই মূল ভিসা আবেদনপত্রের আসল পিডিএফ ফাইল হতে হবে, যা কোনোভাবেই ৩০ দিনের বেশি পুরোনো হওয়া চলবে না।
আইভ্যাক স্পষ্ট জানিয়ে দিয়েছে, কোনো ধরনের পরিবর্তিত, এডিট করা কিংবা বিকৃত ফাইল জমা দিলে তা সরাসরি বাতিল বলে গণ্য হবে।
এদিকে মেডিকেল ভিসার ক্ষেত্রে কড়াকড়ি আরও বাড়িয়েছে আইভ্যাক। নতুন নির্দেশনা অনুযায়ী, মেডিকেল ভিসা নিয়ে ভারতে যাওয়া রোগীদের অবশ্যই সেই হাসপাতালেই চিকিৎসা নিতে হবে, যে হাসপাতালের নাম উল্লেখ করে ভিসা ইস্যু করা হয়েছে। কোনো বিশেষ কারণে হাসপাতাল পরিবর্তন করতে হলে অবশ্যই ভারতের ‘ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও)’-এর কাছ থেকে আগাম অনুমতি নিতে হবে।
এফআরআরও-এর আনুষ্ঠানিক অনুমোদন ছাড়া নিজে থেকে হাসপাতাল পরিবর্তন করলে তা ভারতীয় ভিসা বিধির গুরুতর লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। এই নিয়ম অমান্য করলে সংশ্লিষ্ট আবেদনকারীর ভবিষ্যতে ভারতে ভ্রমণের ওপর স্থায়ী বা সাময়িক নিষেধাজ্ঞা জারি হতে পারে বলেও সতর্ক করেছে আইভ্যাক।
