logo

তাইওয়ানকে হুঁশিয়ার করল চীন

তাইওয়ানকে হুঁশিয়ার করল চীন
উপকূলে চীনের পতাকা হাতে দুই ব্যক্তি। ছবি: সংগৃহীত

তথাকথিত শান্তির আড়ালে তাইওয়ানের নেতা লাই ছিং-ত্য’র ‘তাইওয়ানের স্বাধীনতা’ সংক্রান্ত বিভ্রান্তিকর ও আগ্রাসী প্রচারণার তীব্র নিন্দা ও সমালোচনা করেছে চীন।

বুধবার (২০ মে) চীনের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র চিয়াং বিন এক বিবৃতিতে তাইওয়ান কর্তৃপক্ষের এই অবস্থানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।

লাই ছিং-ত্য’র ক্ষমতায় আরোহণের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে দেওয়া একটি বক্তব্যের প্রতিক্রিয়ায় মুখপাত্র চিয়াং বিন এই মন্তব্য করেন।

চীনা প্রতিরক্ষা মুখপাত্র বলেন, চীনের পুনঃএকত্রীকরণ যেখানে একটি অনিবার্য ঐতিহাসিক প্রবণতা ও বর্তমান আন্তর্জাতিক পরিমণ্ডলে যখন গভীর পরিবর্তন ঘটছে, সেই সময়েও লাই ছিং-ত্য বহিঃশক্তির ওপর ভরসা করে ‘তাইওয়ানের স্বাধীনতা’র অলীক বিভ্রম আঁকড়ে ধরে আছেন।

তিনি বলেন, ছিং-ত্য সামরিক উপায়ে ‘স্বাধীনতা’ লাভ এবং পুনঃএকত্রীকরণের বিরোধিতা করার জন্য উসকানি দিচ্ছেন।

মুখপাত্র চিয়াং বিন তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, তাইওয়ানের জনগণের কল্যাণকে তোয়াক্কা না করে ছিং-ত্য নিজের বিচ্ছিন্নতাবাদী উচ্চাকাঙ্ক্ষাকে উপরে স্থান দিচ্ছেন। এর মাধ্যমে তিনি সম্পূর্ণরূপে নিজেকেই প্রতারিত করছেন। একইসঙ্গে বর্তমান পরিস্থিতি মূল্যায়নে মারাত্মক ভুল করছেন।

তিনি অভিযোগ করেন, ছিং-ত্য প্রশাসন ‘তাইওয়ানের স্বাধীনতা’র মতো একটি অসম্ভব ও অলীক মোহের পেছনে অন্ধের মতো ছুটছে। বিদেশি শক্তিকে সন্তুষ্ট করতে সাধারণ মানুষের কষ্টার্জিত অর্থ নির্বিচারে অপচয় করছে।

তথ্য: সিনহুয়া