মধ্যরাতে ইনকিলাব মঞ্চের ৬ দফা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যা মামলার বিচার প্রক্রিয়া নিয়ে উদ্বেগ জানিয়ে মধ্যরাতে ৬ দফা দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। ভারতের পশ্চিমবঙ্গে আটক আসামিদের দ্বিতীয় দফায় রিমান্ডে নেওয়ার পর এ প্রতিক্রিয়া জানিয়েছে সংগঠনটি। সংগঠনটির ভাষ্য, আসামি গ্রেফতারের সময় বিষয়টিকে সরকারের সাফল্য হিসেবে তুলে ধরা হলেও বর্তমানে বাস্তবতা ভিন্ন চিত্র দেখাচ্ছে।
রোববার (২২ মার্চ) রাত সারে ১১টার দিকে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে সংগঠনটির মুখপাত্র আব্দুল্লাহ আল জাবেরের স্বাক্ষর করা এক বিবৃতিতে দাবিগুলো জোনানো হয়েছে।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ১৪ দিনের প্রথম রিমান্ড শেষে আসামিদের আদালতে তোলা হলে তাদের আরও ১৪ দিনের হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এ পুরো প্রক্রিয়ায় বাংলাদেশ সরকারের দৃশ্যমান কোনো উদ্যোগ নেই বলে অভিযোগ করেছে ইনকিলাব মঞ্চ।
তাদের ৬ দাবি হলো—
পররাষ্ট্র মন্ত্রণালয়কে এই মুহূর্ত থেকে জরুরি ভিত্তিতে কাজ শুরু করতে হবে। আগামী ১৫ দিনের মধ্যে খুনিদের বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। এটি কোনো অনুরোধ নয়, জনগণের পক্ষ থেকে আল্টিমেটাম।
হত্যাকাণ্ডের প্রকৃত মাস্টারমাইন্ড বা নেপথ্যের কুশীলবদের আড়াল করার কোনো চেষ্টা মেনে নেওয়া হবে না। অবিলম্বে উচ্চপর্যায়ের একটি নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে বিচারের স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।
আসামিরা কীভাবে এবং কাদের মদদে সীমান্ত পাড়ি দিল? গোয়েন্দা সংস্থা ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভেতরে থাকা কোন ব্যক্তিগুলো জড়িত ছিলো কিংবা স্থানীয় প্রভাবশালী গোষ্ঠী তাদের সহায়তা করেছে কি না, তা তদন্ত করে অতিদ্রুত নামগুলো জনসমক্ষে প্রকাশ করতে হবে এবং গ্রেপ্তার করতে হবে।
ভারতে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন ‘ইউএপিএ’র গ্যাঁড়াকলে পড়ে বিচার প্রক্রিয়া যেন দীর্ঘায়িত না হয়, সেজন্য বাংলাদেশ সরকারকে একটি বিশেষ আইনি বিশেষজ্ঞ সেল গঠন করতে হবে। এই সেল ভারতের আদালতের কার্যক্রম পর্যবেক্ষণ করবে এবং অগ্রগতি জাতিকে অবহিত করবে। এই আইনি সেলের মাধ্যমেই ১৫ দিনের মধ্যে খুনিদের দেশে ফেরানোর ব্যাপারে আইনি জটিলতা নিরসনের উদ্যোগ নিতে হবে।
ওসমান হাদি হত্যার বিচার কোনো বদ্ধ ঘরে বা গোপন ট্রায়ালে হবে না। আমরা দাবি করছি, এটি হবে একটি ‘ওপেন ট্রায়াল সিস্টেম’, যা জাতীয় গণমাধ্যমে সরাসরি সম্প্রচারিত হবে। জাতি এই বিচারের স্বচ্ছতা দেখতে চায়, সরাসরি দেখতে চায়।
আগামী ১৫ কার্যদিবসের মধ্যে আসামিদের দেশে ফিরিয়ে আনার দৃশ্যমান অগ্রগতি বা রোডম্যাপ ঘোষণা না করা হলে, ইনকিলাব মঞ্চ ঢাকাসহ সারা দেশে একযোগে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। রাজপথ থেকে জন্ম নেওয়া এই সংগঠন শহীদের রক্তের সাথে কোনো আপস করতে জানে না।
.png)





