সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণের আবেদন প্রক্রিয়া এখন অনলাইনে

সড়ক দুর্ঘটনায় হতাহত হলে সড়ক পরিবহন আইনের আওতায় ক্ষতিপূরণ পাওয়ার বিধান রয়েছে। এত দিন এই ক্ষতিপূরণের জন্য দুর্ঘটনার ৩০ দিনের মধ্যে ম্যানুয়ালি আবেদন করতে হতো। আজ সোমবার থেকে সেই আবেদনপ্রক্রিয়া অনলাইনে চালু হয়েছে। বিআরটিএর সার্ভিস পোর্টাল (বিএসপি) ব্যবহার করে এখন থেকে অনলাইনে ক্ষতিপূরণের আবেদন করা যাবে। তবে আগের মতোই আবেদন করতে হবে দুর্ঘটনার ৩০ দিনের মধ্যে।
সোমবার (২৬ জানুয়ারি) বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) প্রধান কার্যালয়ে সড়ক দুর্ঘটনার ক্ষতিপূরণ আবেদনপ্রক্রিয়া অনলাইনে কার্যক্রমের উদ্বোধন করেন সংস্থাটির চেয়ারম্যান ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমদ।
বিআরটিএ জানিয়েছে, অনলাইনে আবেদন করতে হলে প্রথমে বিআরটিএর সার্ভিস পোর্টাল (বিএসপি)-এ লগইন করতে হবে। এরপর ‘আর্থিক সহায়তা তহবিল’ অপশনে গিয়ে নির্ধারিত আবেদন ফরম পূরণ করতে হবে। ফরম পূরণ শেষে আবেদনকারী একটি একনলেজমেন্ট স্লিপ পাবেন। পরে আবেদনটি যাচাই-বাছাইয়ের জন্য পর্যায়ক্রমে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমদ গণমাধ্যমকে বলেন, দুর্ঘটনার ক্ষতিপূরণ আবেদনপ্রক্রিয়া সহজ করতেই অনলাইনে আবেদন চালু করা হয়েছে। এই কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে।
.png)





