খুচরা ব্যবসায়ীদের অগ্রিম কর প্রত্যাহার হচ্ছে

এশিয়া পোস্ট নিউজ
খুচরা ব্যবসায়ীদের অগ্রিম কর প্রত্যাহার হচ্ছে
ছবি : সংগৃহীত

অবশেষে খুচরা ব্যবসায়ীদের ওপর প্রস্তাবিত অগ্রিম কর প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে চূড়ান্ত প্রস্তাব ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

Advertisement

দেশে করজাল সম্প্রসারণের অংশ হিসেবে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রথমবারের মতো খুচরা ব্যবসায়ীদের করের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছিল। এ লক্ষ্যে খুচরা বিক্রেতাদের কাছে পণ্য সরবরাহের ওপর ০.২০ শতাংশ অগ্রিম কর আরোপের প্রস্তাব দিয়েছিলেন অর্থমন্ত্রী।

তবে বাজেট ঘোষণার পর থেকেই ব্যবসায়ী নেতারা এ প্রস্তাবের বিরোধিতা করে আসছিলেন। তাদের দাবি ছিল, নতুন এই কর সরবরাহ ব্যবস্থার বিভিন্ন ধাপ অতিক্রম করে শেষ পর্যন্ত ভোক্তাদের ওপর চাপ সৃষ্টি করবে।

ব্যবসায়ী নেতাদের মতে, অতিরিক্ত করের বোঝা সামাল দিতে খুচরা বিক্রেতারা পণ্যের বিক্রয়মূল্যের সঙ্গে করের অর্থ যোগ করতে বাধ্য হবেন। ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্য, ওষুধসহ বিভিন্ন ভোগ্যপণ্যের দাম বেড়ে যেতে পারে।

তারা জানান, এই কর বহাল থাকলে ছোট ও মাঝারি খুচরা ব্যবসায়ীরা অতিরিক্ত আর্থিক চাপে পড়বেন, যা ব্যবসা পরিচালনায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

ব্যবসায়ী সংগঠনগুলোর আপত্তি ও উদ্বেগ বিবেচনায় নিয়ে এনবিআর শেষ পর্যন্ত করটি প্রত্যাহারের সুপারিশ করেছে। এখন অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই বাজেটের এ বিতর্কিত প্রস্তাবটি বাতিল হবে।