বিএফডিসিতে সাংবাদিকদের নিরাপত্তা ও অসদাচরণের প্রতিবাদে মানববন্ধন

এশিয়া পোস্ট বিনোদন
বিএফডিসিতে সাংবাদিকদের নিরাপত্তা ও অসদাচরণের প্রতিবাদে মানববন্ধন
বিএফডিসিতে সাংবাদিকদের নিরাপত্তা ও অসদাচরণের প্রতিবাদে মানববন্ধন।

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) সাংবাদিকদের সঙ্গে অশোভন আচরণ, প্রাণনাশের হুমকি এবং পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছেন মাল্টিমিডিয়া বিনোদন সাংবাদিকবৃন্দ।

Advertisement

রোববার (২৮ জুন) বিএফডিসি প্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধন থেকে সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। পাশাপাশি জানানো হয়, দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ না হওয়া পর্যন্ত বিএফডিসিতে কোনো ধরনের সংবাদ সংগ্রহে অংশ নেবেন না সাংবাদিকরা।

পরে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি), বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন পরিচালনা কমিটি এবং তেজগাঁও শিল্পাঞ্চল থানায় পৃথক লিখিত অভিযোগ জমা দেওয়া হয়।

অভিযোগে উল্লেখ করা হয়, গত শনিবার (২৭ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে বিএফডিসিতে সংবাদ সংগ্রহকালে কয়েকজন সাংবাদিকের সঙ্গে অশোভন আচরণ করা হয়। অভিযোগ অনুযায়ী, ফাইটার শিল্পী মো. নাজমুল হক ব্রুসলির নেতৃত্বে সাংবাদিকদের গালাগাল, ভয়ভীতি প্রদর্শন এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বিঘ্ন ঘটে এবং নিরাপত্তা নিয়ে উদ্বেগের সৃষ্টি হয়।

লিখিত অভিযোগে সাংবাদিকরা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, বিএফডিসিতে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত, সংবাদ সংগ্রহে বাধা ও হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং প্রবেশ নীতিমালা কঠোরভাবে বাস্তবায়নের দাবি জানান।

এ ছাড়া শুধুমাত্র সরকার অনুমোদিত টেলিভিশন, পত্রিকা, অনলাইন ও মাল্টিমিডিয়া গণমাধ্যমের বৈধ পরিচয়পত্রধারী সাংবাদিকদের সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে বিএফডিসিতে প্রবেশের অনুমতি নিশ্চিত করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে অনিবন্ধিত ব্যক্তি, ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটরদের সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে বিএফডিসিতে প্রবেশ সীমিত করার দাবিও জানানো হয়।

মানববন্ধনে উপস্থিত সাংবাদিকরা বলেন, বিএফডিসিতে সাংবাদিকদের নিরাপদ, স্বাধীন ও নির্বিঘ্ন কর্মপরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ সময়ের দাবি।