নারায়ণগঞ্জে ব্যবসায়ীর তোশকে মোড়ানো মরদেহ উদ্ধার

এশিয়া পোস্ট নিউজ, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জে ব্যবসায়ীর তোশকে মোড়ানো মরদেহ উদ্ধার
ঢাকা-নারায়ণগঞ্জ পুরোনো সড়কে পড়ে ছিল তোশকে মোড়ানো মরদেহ। ছবি: এশিয়া পোস্ট

নারায়ণগঞ্জ শহরের জামতলা এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ পুরোনো সড়ক থেকে তোশকে মোড়ানো অবস্থায় মোতালেব হোসেন নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত মোতালেব হোসেন লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার শিবপুর গ্রামের মৃত ছলেমান মিয়ার ছেলে। তিনি নারায়ণগঞ্জের জামতলা এলাকার সাজেদা মঞ্জিলে শ্বশুরবাড়িতে বসবাস করতেন। এ ছাড়া মাসদাইর বাজারে সুমাইয়া টেলিকম অ্যান্ড বুক নামে একটি ফ্লেক্সিলোড ও বিকাশের ব্যবসা পরিচালনা করতেন।

নিহতের শ্যালক অবসরপ্রাপ্ত সার্জেন্ট এমডি কামাল বলেন, গতকাল বুধবার (১ জুলাই) সকাল ৮টার দিকে মোতালেব বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান না পেয়ে রাতে ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. ওয়াসিম খান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মোতালেব হোসেনকে নির্যাতনের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পরে পরিচয় গোপন এবং মরদেহ গুমের উদ্দেশে তোশক মোড়িয়ে সড়কের পাশে ফেলে যায় দুর্বৃত্তরা।

এসআই আরও বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।