ধানের চারা রোপণ করতে গিয়ে নিখোঁজ, এক দিন পর মিলল লাশ

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় সতি নদী থেকে শিশু বর্মন (৫০) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৮ জুলাই) মরদেহটি নদী থেকে উদ্ধার করা হয়। নিহত শিশু বর্মন উপজেলার হররাম এলাকার তারক নাথ চন্দ্রের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শিশু বর্মন শুক্রবার সকালে ধানের চারা রোপণের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। শনিবার সকালে হররাম পূর্বপাড়া গ্রামের সতি নদীতে স্থানীয় লোকজন একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে কালীগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
স্থানীয় ইউপি সদস্য সোহেল রানা জানান, শুক্রবার সকাল থেকে শিশু বর্মন নিখোঁজ ছিলেন। শনিবার সকালে সতি নদীতে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। নদী পার হতে গিয়ে ডুবে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ওসমান গনি জানান, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং স্থানীয় ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
.png)





