ফেনীতে বড়দের চিকিৎসাসেবা ও ছোটদের শিক্ষা উপকরণ দিল বিজিবি

ফেনীর পরশুরাম উপজেলার সীমান্তবর্তী এলাকার অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এলাকায় বড়দের ফ্রি চিকিৎসাসেবা ও ছোটদের হাতে শিক্ষা-সহায়ক উপকরণ দিয়েছে বিজিবি।
বুধবার (১৫ জুলাই) সকালে বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ ও শিক্ষা-সহায়কসামগ্রী বিতরণ করে ফেনী ব্যাটালিয়ন ৪ বিজিবি।
একই সঙ্গে আসন্ন বন্যা পরিস্থিতি মোকাবিলায় সচেতনতামূলক সভা ও লিফলেট বিতরণ করা হয়।
বিজিবি জানায়, নিজস্ব ব্যবস্থাপনায় পরশুরাম পৌরসভার পরশুরাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী মানবিক সেবামূলক কর্মসূচির আয়োজন করা হয়। পরশুরাম সীমান্তের ৩ হাজারেরও বেশি অসহায় নারী, শিশু, যুবক ও বৃদ্ধকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

বিশেষজ্ঞ চিকিৎসকদের (গাইনি, শিশু, মেডিসিন ও চক্ষু) সমন্বয়ে গঠিত মেডিকেল টিম রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন। চিকিৎসার পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় ওষুধ ও চক্ষু রোগীদের চশমা বিনামূল্যে বিতরণ করা হয়।
তাৎক্ষণিক রক্তের গ্রুপ নির্ধারণ এবং ডায়াবেটিস পরীক্ষা করে রিপোর্ট দেওয়া হয়। চিকিৎসাসেবার পাশাপাশি ওই বিদ্যালয়ের ৫০০ জন শিশু শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন শিক্ষা-সহায়ক সামগ্রী। বর্ষা মৌসুমে বন্যা পূর্ব প্রস্তুতি হিসেবে করণীয় সম্পর্কে স্থানীয়দের সচেতন করতে আলোচনা সভা ও লিফলেট বিতরণ করা হয়।
ফেনী ব্যাটালিয়ন ৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান এশিয়া পোস্টকে বলেন, সীমান্তের জনগণের সুবিধা বিবেচনা করে আমাদের নিজস্ব ব্যবস্থাপনায় কার্যক্রম পরিচালনা করেছি। দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সীমান্তবর্তী জনগণের জীবনমান উন্নয়ন ও কল্যাণে বিজিবি সর্বদা কাজ করে যাচ্ছে। দুর্যোগকালীন উদ্ধার কার্যক্রম থেকে শুরু করে চিকিৎসাসেবা ও শিক্ষার্থীদের সহযোগিতায় বিজিবির এই ধরনের মানবিক প্রয়াস ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





