ছাত্রকে দিয়ে এসএসসির উত্তরপত্র মূল্যায়নের ভিডিও ভাইরাল

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় ছাত্রকে দিয়ে এসএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
ঘটনার তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে মঙ্গলবার (২৩ জুন) লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয়রা।
অলি আহাম্মেদ খান ও শরিফুল ইসলাম নামে স্থানীয় দুই ব্যক্তির দেওয়া অভিযোগে উল্লেখ করা হয়, ২০২৬ সালের এসএসসি পরীক্ষার বিজ্ঞান বিষয়ের উত্তরপত্র মূল্যায়নের দায়িত্ব পান আবদুল্লাহপুর হাজি আমির উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. বাচ্চু মিয়া। খাতাগুলো তিনি বিদ্যালয়ের শিক্ষার্থী মো. মেহেদীকে দিয়ে মূল্যায়ন করান।
অভিযোগকারীরা জানান, শিক্ষাব্যবস্থার স্বচ্ছতা ও শিক্ষার্থীদের ন্যায্য মূল্যায়নের স্বার্থে বিষয়টির সুষ্ঠু তদন্ত প্রয়োজন। এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়ন অত্যন্ত স্পর্শকাতর একটি দায়িত্ব। এখানে কোনো ধরনের অনিয়ম শিক্ষার্থীদের ভবিষ্যতের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত শিক্ষক মো. বাচ্চু মিয়ার ফোনে একাধিকবার কল দিয়ে যোগাযোগের চেষ্টা করা হয়। তিনি কল রিসিভ না করায় বক্তব্য পাওয়া যায় না।
দেবিদ্বার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, ছাত্র দিয়ে এসএসসির উত্তরপত্র মূল্যায়নের অভিযোগ পেয়েছি। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।





