শিবির নেতা সাইফুল্লাহ হত্যা মামলায় যুবদল নেতাসহ গ্রেপ্তার ৩

এশিয়া পোস্ট নিউজ, গাইবান্ধা
শিবির নেতা সাইফুল্লাহ হত্যা মামলায় যুবদল নেতাসহ গ্রেপ্তার ৩
গ্রেপ্তার আশরাফ খন্দকার (বাঁয়ে), রবিউল ইসলাম (মাঝে) এবং শাহ আলম (ডানে)। ছবি : এশিয়া পোস্ট কোলাজ

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাইফুল্লাহ বারী হত্যা মামলায় যুবদল নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

মঙ্গলবার (২৪ জুন) রাতে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) পবিত্র কুমার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন বোনারপাড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফ খন্দকার (৩০), বিএনপির সদস্য রবিউল ইসলাম (৪৫) এবং যুবদল কর্মী শাহ আলম। আশরাফ খন্দকার বাটি গ্রামের আকবর খন্দকারের ছেলে, রবিউল ইসলাম তাইড় গ্রামের শাহ আলম শিমুলের ছেলে এবং শাহ আলম বোনারপাড়া গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, সাইফুল্লাহ বারী হত্যার ঘটনায় সোমবার (২৩ জুন) রাতে সাঘাটা থানায় ৬ জনের নাম উল্লেখ করে এবং আরও ১০-১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলাটি গ্রহণের পর অভিযান চালিয়ে প্রথমে এক আসামিকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার রাতে বোনারপাড়া এলাকা থেকে আরও দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। মামলার প্রধান আসামি বোনারপাড়া ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক মোখলেছুর রহমান মুকুল ও তার ভাই পলাশসহ কয়েকজন আসামি এখনো পলাতক রয়েছেন।

এ বিষয়ে সাঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আলী জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে একজন যুবদল নেতা এবং একজন বিএনপির কর্মী।

ওসি (তদন্ত) পবিত্র কুমার জানান, গ্রেপ্তার তিনজনকে মঙ্গলবার বিকেলে গাইবান্ধা আদালতে পাঠানো হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে, গত ২১ জুন বিকেলে সাঘাটা উপজেলার বোনারপাড়া চারমাথা এলাকায় প্রকাশ্যে ছুরিকাঘাতে নিহত হন ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী। প্রত্যক্ষদর্শীদের দাবি, বেলা পৌনে ৩টার দিকে বোনারপাড়া ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক মোখলেছুর রহমান মুকুল ও তার সহযোগীরা তার ওপর হামলা চালিয়ে ছুরিকাঘাত করেন। ঘটনার পর একই রাতে জেলা যুবদল মুকুলকে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে প্রাথমিক সদস্যপদসহ বহিষ্কার করে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ জনতা তার বাড়িতে অগ্নিসংযোগ করে। পরবর্তীতে গাইবান্ধা ও ঢাকাসহ বিভিন্ন স্থানে ইসলামী ছাত্রশিবির বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করে।

এদিকে সোমবার (২৩ জুন) বাদ আসর বোনারপাড়া সরকারি আজহার আলী স্কুল মাঠে সাইফুল্লাহ বারীর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও ছাত্রসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। পরে তাকে বোনারপাড়া সরকারি কবরস্থানে দাফন করা হয়।