Advertisement

কাপ্তাই হ্রদে ভাসছিল বিএনপি নেতার মরদেহ

এশিয়া পোস্ট নিউজ, রাঙামাটি
কাপ্তাই হ্রদে ভাসছিল বিএনপি নেতার মরদেহ
মরদেহ নিয়ে ফিরছে ফায়ার সার্ভিসের কর্মীরা ও ইনসেটে মো. মাসুদ। ছবি : এশিয়া পোস্ট

রাঙামাটির কাপ্তাই হ্রদে নিখোঁজ হওয়ার তিন দিন পর এক বিএনপি নেতার মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয় বাসিন্দারা।

সোমবার (২০ জুলাই) দুপুরে কাপ্তাই হ্রদের গর্জনটিলা এলাকা থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মো. মাসুদ (৫০) কাপ্তাই উপজেলার ৪ নম্বর কাপ্তাই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও স্থানীয় মৌসুমি ফল ব্যবসায়ী ছিলেন।

কাপ্তাই ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইউসুফ জানান, কাপ্তাই হ্রদে পড়ে তলিয়ে যাওয়ার কারণেই তাকে তাৎক্ষণিকভাবে খুঁজে পাওয়া যায়নি বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, নিখোঁজের খবর পেয়ে ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান চালায়। তবে প্রথম দিকে তার কোনো সন্ধান মেলেনি। সোমবার দুপুর পৌনে একটার দিকে নিখোঁজ হওয়ার স্থানটির আশপাশেই মরদেহটি ভাসতে দেখে উদ্ধার করা হয়।

কাপ্তাই ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. শাহাদাত হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চলন্ত নৌকা থেকে অসাবধানতাবশত হ্রদের পানিতে পড়ে যান মো. মাসুদ।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, গর্জনটিলা এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বিষয় :রাঙামাটি