পাকুন্দিয়ায় বাস-পিকআপভ্যানের সংঘর্ষে তিনজন নিহত

এশিয়া পোস্ট নিউজ, কিশোরগঞ্জ
পাকুন্দিয়ায় বাস-পিকআপভ্যানের সংঘর্ষে তিনজন নিহত
প্রতিকী ছবি: সংগৃহীত

ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কের পাকুন্দিয়ায় গরুবোঝাই পিকআপ ও বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে তিনজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুজন।

সোমবার (৬ জুলাই) দুপুর সোয়া ৩টার দিকে পাকুন্দিয়া উপজেলার সুখিয়াবাজারের ব্র্যাক ব্যাংকের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনায় নিহতরা সবাই পিকআপযাত্রী। তাদের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। আহত দুজন বাসচালক ও সহযোগী। তাদের অবস্থা গুরুতর বলে জানা গেছে। এ ঘটনায় ছয়টি গরুরও প্রাণহানি হয়। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনার শিকার বাসটি ঢাকা-কিশোরগঞ্জ রুটে চলাচলকারী অনন্যা ট্রাফিক পরিবহনের। দুর্ঘটনার সময় বাসটি ঢাকা থেকে কিশোরগঞ্জ যাচ্ছিল এবং পিকআপটি গরু নিয়ে কিশোরগঞ্জ থেকে নরসিংদী যাচ্ছিল। গরুবোঝাই তিনটি পিকআপের মধ্যে সামনে থাকা পিকআপটি দুর্ঘটনার শিকার হয়।