ঘরের ওপর উল্টে পড়ল পাথরবোঝাই ট্রাক, ঘুমন্ত স্কুলছাত্রী নিহত

এশিয়া পোস্ট নিউজ, নড়াইল
ঘরের ওপর উল্টে পড়ল পাথরবোঝাই ট্রাক, ঘুমন্ত স্কুলছাত্রী নিহত
ঘরের ওপর উল্টে পড়া পাথরবোঝাই ট্রাক। ছবি : এশিয়া পোস্ট

নড়াইলের লোহাগড়া উপজেলায় গভীর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে পাথরবোঝাই একটি ট্রাক বসতঘরের ওপর উল্টে পড়ায় ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে এক স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে তার ছোট বোন।

রোববার (৫ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার নলদী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শামীমা আক্তার সেতু (১৪) নলদী বিএসএস মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী এবং নলদী গ্রামের কাঁচামাল ব্যবসায়ী হাফিজার মোল্লার বড় মেয়ে। আহত মিতু স্থানীয় একটি নুরানি মাদ্রাসার শিক্ষার্থী।

দুর্ঘটনাকবলিত পাথরবোঝাই ট্রাক। ছবি : এশিয়া পোস্ট
দুর্ঘটনাকবলিত পাথরবোঝাই ট্রাক। ছবি : এশিয়া পোস্ট

পরিবারের সদস্যরা জানান, রাতের খাবার শেষে দুই বোন প্রতিদিনের মতো ঘরে ঘুমিয়ে ছিল। এই সময় পথ ভুল করে একটি পাথরবোঝাই ট্রাক ওই এলাকার সরু রাস্তায় প্রবেশ করে। ট্রাকটি হাফিজার মোল্লার বাড়ির সামনে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারান। এতে ট্রাকটি রাস্তার পাশে থাকা তাদের টিনের ঘরের ওপর উল্টে যায়।

স্থানীয়রা জানান, ট্রাকটি উল্টে যাওয়ার সঙ্গে সঙ্গে পাথরগুলো ঘরের বেড়া ভেঙে ভেতরে ছড়িয়ে পড়ে এবং ঘুমন্ত দুই বোনের ওপর গিয়ে পড়ে। বিকট শব্দ শুনে প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে পাথর সরিয়ে তাদের উদ্ধার করেন। পরে গুরুতর আহত অবস্থায় দুজনকে নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক শামীমা আক্তার সেতুকে মৃত ঘোষণা করেন। আহত মিতু প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে এসেছে।

এ বিষয়ে নলদী পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) আনিচুজ্জামান জানান, দুর্ঘটনার পর ট্রাকটি ফেলে চালক ও তার সহকারী (হেলপার) পালিয়ে গেছে। ট্রাকটি জব্দ করা হয়েছে এবং এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বিষয় :নড়াইল