Advertisement

খুলনায় যুবককে এলোপাতাড়ি গুলি ও কুপিয়ে জখম

এশিয়া পোস্ট নিউজ, খুলনা
খুলনায় যুবককে এলোপাতাড়ি গুলি ও কুপিয়ে জখম
লবণচরা থানা। ছবি: সংগৃহীত

খুলনা নগরীতে দিনদুপুরে এক যুবককে লক্ষ্য করে গুলি চালানোর পর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সোমবার (২৭ জুলাই) দুপুরে নগরীর লবণচড়া থানাধীন রূপসা রিভারভিউ ইকোপার্ক এলাকায় এ ঘটনা ঘটে।

গুরুতর আহত যুবকের নাম আরিফ সিকদার (২৪)। তিনি মাথাভাঙ্গা এলাকার আবুল কালাম সিকদারের ছেলে। তাকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুটি মোটরসাইকেলে করে আসা ছয়জন দুর্বৃত্ত হঠাৎ আরিফকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে পড়ে গেলে হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে আহত আরিফের ভাই সজীব সিকদার বলেন, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের পরও এভাবে প্রকাশ্যে গুলির ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। আমরা দ্রুত জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লবণচরা থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) তমা জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলছে।

বিষয় :খুলনা