Advertisement

হাওর অঞ্চলের প্রাথমিক শিক্ষার মনোন্নয়নে নতুন পরিকল্পনা হচ্ছে: ববি হাজ্জাজ

এশিয়া পোস্ট নিউজ, সুনামগঞ্জ
হাওর অঞ্চলের প্রাথমিক শিক্ষার মনোন্নয়নে নতুন পরিকল্পনা হচ্ছে: ববি হাজ্জাজ
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ছবি : এশিয়া পোস্ট

হাওর ও দুর্গম অঞ্চলে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষাসেবা আরও কার্যকর করতে নতুন পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার—এমনটি জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এই লক্ষ্যে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের সঙ্গে একাধিক সভা করে সম্ভাব্য সমাধান ও করণীয় নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

সোমবার (২৭ জুলাই) দুপুরে সুনামগঞ্জ পিটিআই ভবনে জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সুনামগঞ্জের হাওরাঞ্চলের ক্যাটচমেন্ট এলাকা থেকে নিয়োগ দেওয়ার মতো শিক্ষক খুব কম পাওয়া যায়। এজন্য আমাদের অন্য এলাকা থেকে শিক্ষক দিতে হয়। তবে নিয়ম অনুযায়ী অন্যান্য এলাকায় ক্যাচমেন্ট এলাকাভিত্তিক শিক্ষক নিয়োগ দেওয়া হয়। কিছু এলাকা রয়েছে যেখানে স্থানীয় শিক্ষক পাওয়া মুশকিল, সুনামগঞ্জ জেলায়ও এই সমস্যাটি আছে। আমরা এর সমাধানে কাজ করছি, তবে স্থায়ী সমাধানের জন্য কিছুটা সময় লাগবে।

স্কুল ফিডিং কর্মসূচির বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, যখন আমরা স্কুল ফিডিং কার্যক্রম শুরু করি, তখন কিছু জায়গায় ভুলত্রুটি ধরা পড়েছিল। এজন্য নিয়মকানুন আরও কঠোর করা হয়েছে। স্কুলে মায়েদের নেতৃত্বে কমিটি করা হয়েছে, তারা খাবার আসার পর তা পরীক্ষা-নিরীক্ষা করবেন। এ ছাড়া প্রতিটি সরবরাহকারী প্রতিষ্ঠানকে ফুড টেকনিশিয়ান নিয়োগ দিতে হবে এবং তাদের অনুমোদনের পরেই খাবার বিদ্যালয়ে পাঠানো হবে। পাশাপাশি আমাদের শিক্ষা অফিসার ও সহকারী শিক্ষা অফিসাররা কারখানাগুলোতে আকস্মিক পরিদর্শন করবেন এবং খাবারের মান যাচাইয়ে ল্যাবরেটরিতে পাঠানো হবে। যারা খাবার পৌঁছে দেবেন, তাদের জাতীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় তথ্যাদি বিদ্যালয়ে সংরক্ষণ করতে হবে।

তিনি আরও বলেন, যেসব এলাকায় এই নিয়মগুলো যথাযথভাবে মেনে চলা হচ্ছে, সেখানে ত্রুটি শূন্যের কোঠায় চলে এসেছে। এরপরও যদি কোথাও অনিয়ম ঘটে, তবে সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তি ও সরবরাহকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে, সুনামগঞ্জ পিটিআই ভবনে জেলার প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন বিষয়ে শিক্ষকদের সঙ্গে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. আব্দুর রহিম, সরকারি প্রাথমিক বিদ্যালয় ফিডিং কর্মসূচি প্রকল্পের পরিচালক আব্দুল আমিন, পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল দাসসহ আরও অনেকে।

মতবিনিময় সভা শেষে প্রতিমন্ত্রী তাহিরপুর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।