সম্পদে সেরা হলিউডের ১০ শীর্ষ অভিনেত্রী

হলিউড তারকাদের আয়-রোজগার বরাবরই আকাশচুম্বী। পুরুষদের তুলনায় কম হলেও অভিনেত্রীদের আয়ও চোখ কপালে তোলার মতো। কিছু অভিনেত্রী মন মাতানো অভিনয় ও দক্ষতায় মিলিয়ন মিলিয়ন ডলার আয় করেছেন। বক্স অফিসের সাফল্যের পাশাপাশি বোনাস, বিজ্ঞাপনের চুক্তি এবং বিচক্ষণ বিনিয়োগ করে অনেক অভিনেত্রী অত্যন্ত ধনী হয়ে উঠেছেন। অবশ্য কেউ কেউ কোনো ধনকুবের বা অতি ধনী কাউকে বিয়ে করে নিজেও প্রচুর সম্পত্তির মালিক হয়েছেন। সেলিব্রিটিনেটওয়ার্থের তথ্য অনুযায়ী বর্তমানে বিশ্বের শীর্ষ কয়েকজন ধনী অভিনেত্রীকে নিয়ে এবারের এশিয়া পোস্টের আয়োজন।
১. জেমি গার্টজ

আমেরিকান অভিনেত্রী জেমি গার্টজের সিনেমা হিট না হলেও সফল ব্যবসায়ী হিসেবে তিনি এ মুহূর্তে বিশ্বের সবচেয়ে ধনী অভিনেত্রী। তার মোট সম্পদ ৮ বিলিয়ন মার্কিন ডলার। ১৯৮০-এর দশকে ‘দ্য লস্ট বয়েজ’, ‘লেস দ্যান জিরো’ ও ‘কুইকসিলভার’-এর মতো চলচ্চিত্রের মাধ্যমে তিনি প্রথম খ্যাতি অর্জন করেন। এরপর তিনি টেলিভিশনের পরিচিত মুখ হয়ে ওঠেন। বিনিয়োগকারী এবং একটি ক্রীড়া দলের মালিক টনি রেসলারকে বিয়ে করে তার সম্পদ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
২. অপরাহ উইনফ্রে

একজন টেলিভিশন উপস্থাপক হিসেবে বিশ্বব্যাপী পরিচিতি থাকলেও অপরাহ উইনফ্রে কিন্তু একজন অস্কার-মনোনীত অভিনেত্রী। অপরাহ ‘সেলমা’, ‘দ্য বাটলার’, ‘বেলাভড’ এবং ‘দ্য কালার পার্পল’-এর মতো সিনেমায় দুর্দান্ত অভিনয় করে সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিলেন। সিনেমা ও টেলিভিশনে অভিনয়ের পাশাপাশি গণমাধ্যমেও তিনি সফল। বর্তমানে তার সম্পদের পরিমাণ যে কারও চোখ কপালে তুলে দেবে। আনুমানিক ৪ বিলিয়ন ডলারের মালিক এই অভিনেত্রী।
৩. জেনিফার লোপেজ

নব্বই দশক থেকে বিংশ শতাব্দীর শুরুর দিকের অন্যতম প্রভাবশালী সংগীতশিল্পী ও অভিনেত্রী জেনিফার লোপেজের ভাগ্য ঘুরে যায় বিবাহবিচ্ছেদের ফলে। জেলো তার পপ ক্যারিয়ার থেকে বেশ ভালো পরিমাণ অর্থ উপার্জন করেন। সিনেমাতেও তিনি সমানভাবে সফল। শেষ অ্যালবাম ‘দিস ইজ মি...নাউ’ নিয়ে সিনেমাও বানানো হয়েছে। এই দ্বৈত প্রজেক্টের পাশাপাশি স্বামী বেন অ্যাফ্লেকের সঙ্গে বিচ্ছেদ তার সম্পত্তি বাড়িয়ে দিয়েছে হুহু করে। জেনিফারের সম্পত্তির পরিমাণ প্রায় ১ বিলিয়ন।
৪. রিস উইদারস্পুন

‘লিগ্যালি ব্লন্ড’, ‘ওয়াক দ্য লাইন’ ও ‘ওয়াইল্ড’-এর মতো সিনেমার সুবাদে ২০২১ সালে ফোর্বস রিস উইদারস্পুনকে বিশ্বের সর্বোচ্চ উপার্জনকারী অভিনেত্রী হিসেবে ঘোষণা করে। তবে পরে আয়ের দিক দিয়ে পিছিয়ে পড়েন তিনি। সাম্প্রতিক সময়ে তিনি ‘দ্য ডেইলি শো’ ও ‘লিটল ফায়ারস এভরিহোয়্যার’ ধারাবাহিকেও অভিনয় করেছেন। একজন সফল প্রযোজক হিসেবেও তার খ্যাতি রয়েছে। ৫০০ মিলিয়ন ডলারের মালিক এই অভিনেত্রী অ্যাকাডেমি অ্যাওয়ার্ড, প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ড এবং দুটি গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড অর্জন করেছেন।
৫. ভিক্টোরিয়া প্রিন্সিপাল

৩৫০ মিলিয়ন ডলারের সম্পদের মালিক ভিক্টোরিয়া প্রিন্সিপাল। তিনি একাধারে অভিনেত্রী, প্রযোজক, উদ্যোক্তা ও লেখিকা। অনেক গুণের অধিকারী এ নারী সিনেমায় খুব একটা অভিনয় করেননি। তবুও সবচেয়ে ধনী অভিনেত্রীর শীর্ষ দশে রয়েছেন। আমেরিকার বিখ্যাত প্রাইমটাইম টেলিভিশন সোপ অপেরা সিরিজ ‘ডালাসে’ পামেলা বার্নেস ইউয়িং চরিত্রে প্রায় ত্রিশ বছরের মতো অভিনয় করে তিনি খ্যাতি-যশ সবই অর্জন করেছেন। এ ছাড়া তিনি একটি প্রযোজনা সংস্থা ও স্কিনকেয়ার ব্যান্ডের প্রতিষ্ঠাতা। লেখনীর মাধ্যমেও তিনি অনেক উপার্জন করেন।
৬. জেনিফার অ্যানিস্টোন

‘দ্য ব্রেকআপ’, ‘অফিস স্পেস’, ‘দ্য গুড গার্ল’, ‘ডাম্পলিন’, ‘কেক’ প্রভৃতি সাড়া জাগানো সিনেমার সফল অভিনেত্রী জেনিফার অ্যানিস্টোন। ৫৪ বছর বয়সী জনপ্রিয় এ অভিনেত্রী ১৯৯৩ সালে হরর কমেডি মুভি ‘লেপরেকহন’ দিয়ে সিনেমায় আসেন। ২০০০ সালে তিনি জনপ্রিয় অভিনেতা ব্র্যাড পিটকে বিয়ে করেন। যদিও ২০০৫ সালে তাদের বিয়ে বিচ্ছেদ ঘটে। হলিউডের অর্ধশতাধিক সিনেমার সফল এ অভিনেত্রী ৪২০ মিলিয়নের বেশি অর্থসম্পদের মালিক।
৭. জেসিকা অ্যালবা

মাত্র ১৩ বছর বয়সে অভিনয় জগতে পদার্পণ করলেও উনিশে এসে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন। ‘ডার্ক অ্যাঞ্জেল’ ছবিটিতে মূল ভূমিকায় অভিনয় করে দুনিয়াব্যাপী পরিচিত হয়ে ওঠেন। এর পর তার অভিনীত ‘গুড লাক চক’, ‘ভ্যালেন্টাইনস’, ‘ফ্যান্টাস্টিক ফোর’ এবং এর সিক্যুয়াল বক্স অফিসে ঝড় তোলে। অভিনয় জগৎ ছাড়াও তিনি একজন সফল উদ্যোক্তা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ৩৫০ মিলিয়ন ডলার, যা তাকে ধনী অভিনেত্রীদের তালিকায় রেখেছে।
৮. জেসিকা বিয়েল

অভিনেতা ও গায়ক জাস্টিন টিম্বারলেকের সঙ্গে বিয়ের পরই ভাগ্য খুলে যায় হলিউড অভিনেত্রী জেসিকা বিয়েলের। ১৯৯৭ সালের ‘উলি'স গোল্ড’ সিনেমায় অভিষেকের পর থেকে তিনি একের পর এক ব্লকবাস্টার ছবিতে অভিনয় করেছেন। ‘দ্য রুলস অফ অ্যাট্রাকশন’, ‘ব্লেড: ট্রিনিটি’, ‘টোটাল রিকল’ এবং ‘হিচকক’-এর মতো মুভিতে প্রধান চরিত্রে অভিনয়ের পাশাপাশি তিনি একজন এমি এবং গোল্ডেন গ্লোব-মনোনীত প্রযোজক। তার সম্পদের পরিমাণ আনুমানিক ৩০০ মিলিয়ন ডলার।
৯. জুলিয়া লুই-ড্রেফাস

জুলিয়া লুই-ড্রেফাসেরও সম্পদের পরিমাণ ২৮০ মিলিয়ন ডলার। ২০১৬ সালে বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তিত্বের তালিকায় নাম এসেছিল তার। ‘স্যাটারডে নাইট লাইভ’ দিয়ে ক্যারিয়ার শুরু করেন জুলিয়া। এর পর ৯ বছর ‘সেইনফেল্ড’-এ অভিনয় করেন। একে একে ‘নিউ অ্যাডভেঞ্চার অব ওল্ড ক্রিস্টমাস’ ও ‘ভিপ’-এ ভূমিকা রেখে দর্শকপ্রিয়তা পান। টেলিভিশন জগতের গণ্ডি পেরিয়ে ‘হাননাহ অ্যান্ড হার সিস্টার’ দিয়ে তার বড় পর্দা মাতিয়েছেন।
১০. সান্দ্রা বুলক

১৯৯৪ সালের দুনিয়া কাঁপানো ছবি ‘দ্য স্পিড’ দেখেননি, এমন মানুষ পাওয়া দুষ্কর। সেই ছবিতে সান্দ্রা বুলকের অভিনয় নজর কাড়ে, তাকে জনপ্রিয় করে তোলে। গোল্ডেন গ্লোব ও অ্যাকাডেমি অ্যাওয়ার্ডপ্রাপ্ত এ অভিনেত্রী ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত হলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক পেতেন। আমেরিকান-জার্মান এ অভিনেত্রী, প্রযোজকের সম্পদের পরিমাণ ২৫০ মিলিয়ন ডলার। ‘এ টাইম টু কিল’, ‘প্রমোশন’, ‘দ্য নেট’-এর মতো জনপ্রিয় ষাটটিরও বেশি সিনেমায় অভিনয় করেন তিনি।




