Advertisement

বিএনপির ইতিহাসে কোনো কলঙ্ক নেই: শহিদুল ইসলাম বাবুল

এশিয়া পোস্ট ডেস্ক
বিএনপির ইতিহাসে কোনো কলঙ্ক নেই: শহিদুল ইসলাম বাবুল
শহিদুল ইসলাম বাবুল। ছবি : সংগৃহীত

বিএনপির ইতিহাসে ১৯৭১, ১৯৯০ কিংবা ২০২৪ সালের কোনো কালো অধ্যায়ের সঙ্গে দলের নাম জড়িত নয় বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ শহিদুল ইসলাম বাবুল। তিনি বলেন, বিএনপি সবসময় সঠিক রাজনৈতিক পথে ছিল এবং দেশের সংকটে কোনো কলঙ্কজনক ভূমিকা পালন করেনি।

সম্প্রতি এশিয়া পোস্টের ‘আলাপন’ অনুষ্ঠানে এসে এসব কথা বলেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক।

মোহাম্মদ শহিদুল ইসলাম বাবুল বলেন, বিএনপি কোনো প্রতিহিংসার রাজনীতি করে না এবং মুক্তিযুদ্ধ কিংবা ২০২৪ সালের গণঅভ্যুত্থানকে কখনো রাজনৈতিক বাণিজ্যের উপকরণ হিসেবে ব্যবহার করেনি।

তিনি দাবি করেন, বিএনপি মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি নয় এবং দেশের সাধারণ মানুষের জানমালের ক্ষতি হয়, এমন কোনো কর্মকাণ্ডে দলটি কখনো জড়িত ছিল না। ভোটের রাজনীতিতে সুবিধা নেওয়া বা বিরোধী মত দমনের হাতিয়ার হিসেবে মুক্তিযুদ্ধকে বিএনপি ব্যবহার করেনি।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ দীর্ঘ সময় শাসনের নামে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড চালিয়েছে এবং হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। তার ভাষ্য, জুলাই পরবর্তী বাংলাদেশে বিএনপি প্রতিহিংসার পথ না বেছে শান্তির বার্তা দিয়েছে।

তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এখন আরও সুসংগঠিত হয়েছে জানিয়ে শহিদুল ইসলাম বাবুল বলেন, দলটি কখনো দেশবিরোধী কোনো অন্যায়ের সঙ্গে যুক্ত হয়নি এবং ভবিষ্যতেও হবে না।