ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা

এশিয়া পোস্ট ডেস্ক
ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা
ছবি: সংগৃহীত

ইতালির রাজধানী রোমে নিজ বাসায় এক বাংলাদেশি পরিবারের তিন সদস্যকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৬ জুন) রাতে রাজধানী রোমের পার্শ্ববর্তী এলাকা ক্যাসালোত্তির ভিয়া মন্তিলিওর একটি অ্যাপার্টমেন্টে এই হত্যাকাণ্ড ঘটে।

Advertisement

ইতালির সংবাদমাধ্যম ইকোলো দ’ইতালিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে ৩৯ বছর বয়সী বাবা, ৩৮ বছর বয়সী মা এবং তাদের ৫ বছরের একটি কন্যাসন্তান রয়েছে। প্রতিবেদনে তাদের পরিচয় উল্লেখ করা হয়নি।

এই হামলায় দম্পতির ২০ বছর বয়সি বড় ছেলেও ছুরিকাঘাতে আহত হয়েছেন। তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় জেমেলি পলিক্লিনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, তার আঘাত গুরুতর নয় এবং তিনি বর্তমানে আশঙ্কামুক্ত। এই ঘটনার পর ঘাতককে গ্রেপ্তারের জন্য স্থানীয় পুলিশ জোর অভিযান শুরু করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হত্যাকাণ্ডের সময় ওই অ্যাপার্টমেন্ট থেকে চিৎকার ও শোরগোল শুনে প্রতিবেশীরা তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিন জনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। ঘটনার রহস্য উদঘাটন এবং আলামত সংগ্রহের জন্য রোম পুলিশের গোয়েন্দা বিভাগ (স্কোয়াড্রা মোবাইল) ও ফরেনসিক দল ইতোমধ্যে কাজ শুরু করেছে।

পুলিশের প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, এটি কোনো চুরি বা ডাকাতির ঘটনা নয়। গোয়েন্দাদের অনুমান, হত্যাকারী ভুক্তভোগী এই বাংলাদেশি পরিবারের পূর্বপরিচিত ছিল। ঘটনার পেছনে ব্যক্তিগত কোনো শত্রুতা বা অন্য কোনো কারণ রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ জানতে এবং খুনিকে শনাক্ত করতে পুলিশ নিহতদের বন্ধুবান্ধব, পরিচিতজন এবং রোমে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির বেশ কয়েকজন সদস্যকে জিজ্ঞাসাবাদ করছে। তদন্তের স্বার্থে পুলিশ এই মুহূর্তে কোনো সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না এবং অপরাধীকে ধরতে সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে।