বিশ্বকাপের শেষ ৩২: কবে, কখন, কার বিপক্ষে কার ম্যাচ

গ্রুপ পর্ব শেষ, এবার শুরু বিশ্বকাপের নকআউট লড়াই। ২০২৬ বিশ্বকাপে ৪৮ দলের নতুন ফরম্যাটের কারণে প্রথমবারের মতো যোগ হয়েছে রাউন্ড অব ৩২ বা শেষ ৩২। এখান থেকেই শুরু শিরোপার পথে সরাসরি বাঁচা-মরার ম্যাচ।
নতুন ফরম্যাট অনুযায়ী, ১২টি গ্রুপের শীর্ষ দুই দল সরাসরি শেষ ৩২-এ উঠেছে। তাদের সঙ্গে যোগ দিয়েছে সেরা আট তৃতীয় দল। অর্থাৎ মোট ৩২ দল এখন নকআউটে। একটি ম্যাচ হারলেই বিদায়, জিতলেই শেষ ১৬।
শেষ ৩২ শুরু হবে ২৮ জুন স্থানীয় সময় থেকে এবং চলবে ৩ জুলাই পর্যন্ত। বাংলাদেশ সময় অনুযায়ী ম্যাচগুলো শুরু হবে ২৯ জুন রাত ১টা থেকে, শেষ হবে ৪ জুলাই সকালে।
| তারিখ | সময় | ম্যাচ |
|---|---|---|
| ২৯ জুন | রাত ১টা | দক্ষিণ আফ্রিকা বনাম কানাডা |
| ২৯ জুন | রাত ১১টা | ব্রাজিল বনাম জাপান |
| ৩০ জুন | রাত ২টা ৩০ মিনিট | জার্মানি বনাম প্যারাগুয়ে |
| ৩০ জুন | সকাল ৭টা | নেদারল্যান্ডস বনাম মরক্কো |
| ৩০ জুন | রাত ১১টা | আইভরি কোস্ট বনাম নরওয়ে |
| ১ জুলাই | রাত ৩টা | ফ্রান্স বনাম সুইডেন |
| ১ জুলাই | সকাল ৭টা | মেক্সিকো বনাম ইকুয়েডর |
| ১ জুলাই | রাত ১০টা | ইংল্যান্ড বনাম ডিআর কঙ্গো |
| ২ জুলাই | রাত ২টা | বেলজিয়াম বনাম সেনেগাল |
| ২ জুলাই | সকাল ৬টা | যুক্তরাষ্ট্র বনাম বসনিয়া ও হার্জেগোভিনা |
| ৩ জুলাই | রাত ১টা | স্পেন বনাম অস্ট্রিয়া |
| ৩ জুলাই | সকাল ৫টা | পর্তুগাল বনাম ক্রোয়েশিয়া |
| ৩ জুলাই | সকাল ৯টা | সুইজারল্যান্ড বনাম আলজেরিয়া |
| ৪ জুলাই | রাত ১২টা | অস্ট্রেলিয়া বনাম মিসর |
| ৪ জুলাই | রাত ৪টা | আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে |
| ৪ জুলাই | সকাল ৭টা ৩০ মিনিট | কলম্বিয়া বনাম ঘানা |
শেষ ৩২-এর সবচেয়ে আলোচিত ম্যাচগুলোর একটি ব্রাজিল-জাপান। সাম্প্রতিক সময়ে বড় দলকে চ্যালেঞ্জ করার ক্ষমতা দেখিয়েছে জাপান। তাই ব্রাজিলের জন্য ম্যাচটি সহজ হওয়ার কথা নয়। অন্যদিকে আর্জেন্টিনার প্রতিপক্ষ কেপ ভার্দে, যারা বিশ্বকাপ অভিষেকেই নকআউটে উঠে ইতিহাস গড়েছে।
পর্তুগালের সামনে কঠিন পরীক্ষা ক্রোয়েশিয়া। ক্রিশ্চিয়ানো রোনালদোর দল গ্রুপ রানার্সআপ হওয়ায় লুকা মদরিচের অভিজ্ঞ ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে। স্পেন খেলবে অস্ট্রিয়ার বিপক্ষে, যারা আলজেরিয়ার সঙ্গে ৩-৩ ড্র করে রানার্সআপ হিসেবে শেষ ৩২ নিশ্চিত করেছে।
ইংল্যান্ডের প্রতিপক্ষ কঙ্গো। ১৯৭৪ সালের পর বিশ্বকাপে ফিরে প্রথম জয় নিয়ে নকআউটে উঠেছে আফ্রিকার দলটি। ফ্রান্স খেলবে সুইডেনের বিপক্ষে, জার্মানির সামনে প্যারাগুয়ে, আর নেদারল্যান্ডসের প্রতিপক্ষ মরক্কো।
কীভাবে হবে রাউন্ড অব ৩২
এই ধাপ থেকে প্রতিটি ম্যাচ এক লেগের নকআউট। ৯০ মিনিট শেষে ম্যাচ ড্র থাকলে অতিরিক্ত সময় হবে। অতিরিক্ত সময়ে দুই অর্ধ মিলিয়ে খেলা হবে ৩০ মিনিট। এরপরও সমতা থাকলে টাইব্রেকারে নির্ধারিত হবে জয়ী দল।
জয়ী দল উঠবে শেষ ১৬-এ। এরপর কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনালের পথে এগোবে দলগুলো। তাই গ্রুপ পর্বের হিসাব শেষ, এখন থেকে প্রতিটি ভুলের মূল্য বিদায়।
২০২৬ বিশ্বকাপের নতুন ফরম্যাটে শেষ ৩২-ই প্রথম বড় পরীক্ষা। বড় দলগুলোর জন্য এটি শিরোপা অভিযানের শুরু, আর ছোট দলগুলোর জন্য ইতিহাস লেখার সুযোগ।





