পদ্মার চরে আটকা পড়ল লঞ্চ, যেভাবে উদ্ধার ৮৫ জন যাত্রী

এশিয়া পোস্ট নিউজ, রাজবাড়ী
পদ্মার চরে আটকা পড়ল লঞ্চ, যেভাবে উদ্ধার ৮৫ জন যাত্রী
আটকে পড়া যাত্রীদের ট্রলার ও নৌপুলিশের স্পিডবোটের সহায়তায় উদ্ধার করা হয়। ছবি : এশিয়া পোস্ট

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পদ্মা নদীর চরে আটকে পড়া একটি লঞ্চের ৮৫ জন যাত্রীকে নিরাপদে উদ্ধার করেছে নৌপুলিশ।

Advertisement

শনিবার (২৭ জুন) রাতে দৌলতদিয়া ও পাটুরিয়া নৌপুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে।

নৌপুলিশ ও লঞ্চঘাট সূত্রে জানা গেছে, শনিবার রাত পৌনে ৮টার দিকে দৌলতদিয়া লঞ্চ টার্মিনাল থেকে ৮৫ জন যাত্রী নিয়ে ‘এমভি বোয়ালি’ নামের লঞ্চটি মানিকগঞ্জের পাটুরিয়ার উদ্দেশে ছেড়ে যায়। পথিমধ্যে পদ্মা নদীর মাঝামাঝি কুশিহাটা চরে লঞ্চটি আটকে পড়ে। মাঝনদীতে চরের মধ্যে লঞ্চ আটকে পড়ায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় এক যাত্রী জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশের সহায়তা চান। জাতীয় জরুরি সেবা থেকে খবর পাওয়ার পর দৌলতদিয়া ও পাটুরিয়া নৌপুলিশের দুটি দল দ্রুত উদ্ধারকারী স্পিডবোট নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করে। পরে একটি ট্রলার ও নৌপুলিশের দুটি স্পিডবোটের সহায়তায় আটকে পড়া যাত্রীদের চর থেকে উদ্ধার করে ‘এমভি চিশতিয়া’ নামের অন্য একটি লঞ্চে স্থানান্তর করা হয়।

নৌপুলিশের সার্বিক তত্ত্বাবধানে রাত সাড়ে ১১টার দিকে সব যাত্রী নিরাপদে পাটুরিয়া লঞ্চ টার্মিনালে পৌঁছান। নৌপুলিশ জানিয়েছে, এই ঘটনায় কোনো যাত্রী আহত হননি। সফল উদ্ধার অভিযানের ফলে যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

এ বিষয়ে দৌলতদিয়া নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহা বলেন, জরুরি সেবায় খবর পাওয়ার পর দৌলতদিয়া ও পাটুরিয়া নৌপুলিশের যৌথ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের উদ্ধার করে। পরে তাদের অন্য একটি লঞ্চে স্থানান্তর করে নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়া হয়েছে। সব যাত্রী সম্পূর্ণ সুস্থ ও নিরাপদ আছেন।

বিষয় :রাজবাড়ী