দিবুর কারণেই আগেই ম্যাচ শেষ হয়নি: স্পেন কোচ

বিশ্বকাপ ফাইনালের স্কোরলাইন ১-০ হলেও ম্যাচটি আরও আগেই স্পেনের পক্ষে নির্ধারিত হয়ে যাওয়া উচিত ছিল বলে মনে করেন লুইস দে লা ফুয়েন্তে। সেটি হতে না দেওয়ার পুরো কৃতিত্ব আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকে দিয়েছেন বিশ্বজয়ী স্প্যানিশ কোচ।
ফাইনালে স্পেনের ২০টি শটের ১২টি ছিল লক্ষ্যে। বিশ্বকাপ ফাইনালের রেকর্ড ১১টি সেভ করে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময় পর্যন্ত টেনে নিয়ে যান দিবু। শেষ পর্যন্ত ১০৬ মিনিটে ফেরান তোরেসের শটটি আর আটকাতে পারেননি তিনি।
ম্যাচের পর দে লা ফুয়েন্তে বলেন, ‘আমার মনে হয় ম্যাচটি আরও আগেই নির্ধারিত হয়ে যাওয়া উচিত ছিল। দিবুর দুর্দান্ত সেভগুলো আমাদের আগে এগিয়ে যেতে দেয়নি। তবে এটি বিশ্বকাপ ফাইনাল। প্রতিপক্ষের ১০ জন খেলোয়াড় থাকলেও আপনাকে ভুগতে হবে। আমরা সবকিছুর জন্য প্রস্তুত ছিলাম।’
স্পেনই শিরোপার যোগ্য ছিল বলেও মনে করেন ৬৫ বছর বয়সী এই কোচ। তার ভাষায়, ‘যা হওয়ার ছিল, সেটিই হয়েছে। আজ স্পেনের জয়ই ছিল ন্যায্য ফল।’
দে লা ফুয়েন্তের প্রতিক্রিয়া
জয়ের পর নিজের খেলোয়াড়দের প্রশংসা করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন দে লা ফুয়েন্তে। স্পেনের খেলার দর্শনে আস্থা রাখা এবং দলকে একটি পরিবারের মতো গড়ে তোলাকেই এই সাফল্যের ভিত্তি হিসেবে দেখছেন তিনি।
দে লা ফুয়েন্তে বলেন, ‘এই প্রজন্মের ফুটবলারদের নিয়ে আমি ভীষণ গর্বিত। তারা একটি নির্দিষ্ট ধারণা নিয়ে বেড়ে উঠেছে, সেটির প্রতি বিশ্বস্ত থেকেছে এবং আরও উন্নত করেছে। দল ও পরিবার হিসেবে তারা উদাহরণ তৈরি করেছে। অসাধারণ প্রতিভাবান এই খেলোয়াড়দের যাত্রাসঙ্গী হতে পারা আমার জন্য সম্মানের।’
খেলোয়াড়েরা তাকে মনে করিয়ে দিয়েছেন, এই প্রজন্ম সবকিছুই জিতেছে। দে লা ফুয়েন্তের অধীনে ২০২৩ নেশন্স লিগ ও ২০২৪ ইউরোর পর এবার বিশ্বকাপও ঘরে তুলল স্পেন।
তাই কোচের কণ্ঠে ছিল তৃপ্তি, ‘পেছনে তাকালে সত্যিই আবেগাপ্লুত হয়ে পড়ি। এই প্রজন্মকে নিয়ে আমরা সবকিছু, একেবারে সবকিছু জিতেছি।’
.png)





