‘ফকল্যান্ড আর্জেন্টিনার’, ইংল্যান্ডের সামনে উড়ল বিতর্কিত ব্যানার

এশিয়া পোস্ট ডেস্ক
‘ফকল্যান্ড আর্জেন্টিনার’, ইংল্যান্ডের সামনে উড়ল বিতর্কিত ব্যানার
ম্যাচ শেষে ‘ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আর্জেন্টিনার’ লেখা ব্যানার প্রদর্শন করে ফুটবলাররা। ছবি : সংগৃহীত

শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের ফাইনালে উঠেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে মাঠের মহানাটকীয় জয়কে ছাপিয়ে আলবিসেলেস্তেদের ফাইনাল উদযাপনে এবার জায়গা করে নিয়েছে এক ঐতিহাসিক রাজনৈতিক ইস্যু। ম্যাচ শেষে গ্যালারির সামনে দাঁড়িয়ে ইংলিশদের স্তব্ধ করে ‘ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আর্জেন্টিনার’ লেখা একটি ব্যানার প্রদর্শন করেছেন আর্জেন্টিনার ফুটবলাররা।

আটলান্টার মাঠে সেমিফাইনালের শেষ মুহূর্তের দুই নাটকীয় আঘাতে ম্যাচ হাতছাড়া হওয়া ইংলিশ ফুটবলাররা যখন মাথা নিচু করে মাঠ ছাড়ছিলেন, ঠিক তখনই উল্টো প্রান্তে নিজেদের সমর্থকদের সঙ্গে উল্লাসে মাতেন লিওনেল মেসির সতীর্থরা।

‘ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আর্জেন্টিনার’ লেখা ব্যানার প্রদর্শন করেন আর্জেন্টিনার ফুটবলাররা। ছবি : সংগৃহীত
‘ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আর্জেন্টিনার’ লেখা ব্যানার প্রদর্শন করেন আর্জেন্টিনার ফুটবলাররা। ছবি : সংগৃহীত

সেখানে ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ ও মিডফিল্ডার জিওভানি লো সেলসো একটি বিশাল ব্যানার মেলে ধরেন, যার ওপর বড় অক্ষরে লেখা ছিল, ‘ফকল্যান্ড আর্জেন্টিনার’। ১৯৮২ সালে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের সার্বভৌমত্ব নিয়ে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার রক্তক্ষয়ী সশস্ত্র সংঘাতের ঐতিহাসিক দাবিটিকেই মূলত এই ব্যানারের মাধ্যমে বৈশ্বিক মঞ্চে আবারও স্মরণ করিয়ে দেন তারা।

ম্যাচের আগে অবশ্য এই দ্বৈরথকে নিছক মাঠের লড়াই হিসেবেই দেখা হচ্ছিল, কোনো যুদ্ধ নয়। এমনকি আর্জেন্টিনার ফকল্যান্ড যুদ্ধাহত বীরদের সংগঠন ‘২ এপ্রিল ভেটেরান্স ফেডারেশন’ ম্যাচ শুরুর আগে এক বার্তায় বলেছিল, এই ম্যাচটিকে যেন কোনো 'প্রতিশোধ' হিসেবে না দেখে বরং ফকল্যান্ডের জাতীয় দাবিটি বিশ্বের দরবারে স্মরণ করিয়ে দেওয়ার একটি সেতু হিসেবে ব্যবহার করা হয়। ফুটবলাররা মাঠের উদযাপনে যেন সেই বার্তারই প্রতিফলন ঘটালেন।

গ্যালারিতে ‘ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আর্জেন্টিনার’ লেখা ব্যানার প্রদর্শন। ছবি : সংগৃহীত
গ্যালারিতে ‘ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আর্জেন্টিনার’ লেখা ব্যানার প্রদর্শন। ছবি : সংগৃহীত

মাঠে যখন ফকল্যান্ডের ব্যানার উড়ছিল, তখন গ্যালারি থেকে হাজার হাজার আর্জেন্টাইন সমর্থক স্লোগান তোলেন, ‘ফাইনালে আমাদের জিততেই হবে!’

সেমিফাইনালের এই রুদ্ধশ্বাস জয়ের পর একদিকে মাঠ থেকে গ্যালারি—সবখানেই বইছে আর্জেন্টাইনদের উল্লাসের ঢেউ। অন্যদিকে ফাইনালের প্রতিপক্ষ স্পেনও নিশ্চয়ই বুঝে গেছে, শিরোপা ধরে রাখার লড়াইয়ে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা কতটা ক্ষুধার্ত, কতটা মরিয়া।

আগামী রোববার (১৯ জুলাই) ফাইনালে স্পেনের মুখোমুখি হবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বিশ্বকাপের শিরোপা ধরে রাখতে পারলে তারা হবে ইতিহাসের মাত্র তৃতীয় দল, যারা টানা দুটি বিশ্বকাপ জেতার কীর্তি গড়বে।