কেহ কারে নাহি ছাড়ে সমানে সমান

এশিয়া পোস্ট স্পোর্টস
কেহ কারে নাহি ছাড়ে সমানে সমান
লড়াইটা যেন লিওনেল মেসি বনাম কিলিয়ান এমবাপ্পের। ছবি: সংগৃহীত

বিশ্বকাপে গোল্ডেন বুটের লড়াই এখন রূপ নিয়েছে চরম উত্তেজনায়। লড়াইটা যেন সরাসরি লিওনেল মেসি বনাম কিলিয়ান এমবাপ্পের। সুইডেনের বিপক্ষে নকআউট পর্বের ম্যাচে জোড়া গোল করে ফ্রান্সের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে চলতি আসরে নিজের গোলসংখ্যা ছয়ে নিয়ে গেছেন। আর তাতেই গোল্ডেন বুটের দৌড়ে তিনি এখন আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসির সমতায় চলে এসেছেন।

Advertisement

শুধু এই আসরের গোল্ডেন বুটই নয়, এই দুই মহাতারকার লড়াই জমে উঠেছে বিশ্বকাপের সর্বকালীন রেকর্ডেও। সুইডেনের বিপক্ষে জোড়া গোলের পর বিশ্বকাপে এমবাপ্পের ক্যারিয়ারের মোট গোল সংখ্যা দাঁড়িয়েছে ১৮টিতে। যা মেসির ১৯ গোলের রেকর্ড থেকে মাত্র এক গোল কম। তবে গোল করার গড়ের দিক থেকে মেসির চেয়ে ঢের এগিয়ে ফরাসি ফরোয়ার্ড। মেসি যেখানে ২৯ ম্যাচে করেছেন ১৯ গোল, সেখানে এমবাপ্পে মাত্র ১৮ ম্যাচেই ছুঁয়ে ফেলেছেন ১৮ গোলের মাইলফলক।

বাংলাদেশ সময় বুধবার ভোরে সুইডেনকে ৩-০ গোলে উড়িয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্স। আর এই জয়ের প্রধান নায়ক ছিলেন কিলিয়ান এমবাপ্পে। স্থানীয় সময় বিকেল ৫টায় শুরু হওয়া এই ম্যাচে তাপমাত্রা ছিল প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াস, সাথে ছিল তীব্র আর্দ্রতা। প্রচণ্ড গরমে প্রথমার্ধের পানি বিরতির সময় ফ্রান্সের ডিফেন্ডার লুকা দিনিয়েকে মাঠের স্প্রিংকলারের পানিতে নিজেকে ভিজিয়ে স্বস্তি নিতে দেখা যায়।

এমন প্রতিকূল আবহাওয়ায় ম্যাচ জয়ের পর যখন কোয়ার্টার ফাইনালে প্যারাগুয়ের মুখোমুখি হওয়া নিয়ে প্রশ্ন করা হয়, তখন স্বভাবসুলভ হাসিমুখে এমবাপ্পে বলেন, এখন সবচেয়ে বেশি প্রয়োজন ড্রেসিংরুম আর এয়ার কন্ডিশনার।

এখন ফুটবল বিশ্বের নজর কোয়ার্টার ফাইনালের দিকে; মেসি নাকি এমবাপ্পে— শেষ পর্যন্ত কে কাকে ছাড়িয়ে যান, সেটাই দেখার অপেক্ষায় ভক্তরা।