Advertisement

স্পিকার ঠিক থাকলেও ফোনের আওয়াজ কম, জেনে নিন কারণ

এশিয়া পোস্ট ডেস্ক
স্পিকার ঠিক থাকলেও ফোনের আওয়াজ কম, জেনে নিন কারণ
স্মার্টফোনে থাকা প্রতিটি ছোট ছিদ্রের আলাদা কাজ রয়েছে। ছবি : সংগৃহীত

ফোনের স্পিকার ঠিক থাকার পরও যদি আগের মতো জোরে শব্দ না শোনা যায়, তাহলে সব সময় স্পিকার নষ্ট হয়েছে এমনটা ভাবার কারণ নেই। অনেক ক্ষেত্রে ধুলাবালি জমে যাওয়া, ফোন কভার দিয়ে স্পিকারের ছিদ্র আংশিক ঢেকে যাওয়া বা স্পিকার গ্রিলের নকশা সম্পর্কে ভুল ধারণার কারণেও এমন সমস্যা হতে পারে। তাই স্পিকার থেকে শব্দ কম আসার আগে সম্ভাব্য কারণগুলো জানা এবং সঠিকভাবে পরিষ্কার করা জরুরি।

স্মার্টফোনের নিচের অংশে চার্জিং পোর্টের দুই পাশে ছোট ছোট অনেক ছিদ্র দেখা যায়। বেশিরভাগ মানুষই মনে করেন, এগুলোর সবগুলোই স্পিকার। কিন্তু বাস্তবে বিষয়টি একেবারেই তা নয়।

প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, স্মার্টফোনে থাকা প্রতিটি ছোট ছিদ্রের আলাদা কাজ রয়েছে। কিছু ছিদ্র দিয়ে শব্দ বের হয়, আবার কিছু ছিদ্রের ভেতরে থাকে মাইক্রোফোন, বায়ুচাপ নিয়ন্ত্রণের জন্য ভেন্ট বা অন্য প্রয়োজনীয় অংশ। তাই দেখতে একই রকম হলেও সব ছিদ্রের কাজ এক নয়।

সব ছিদ্র স্পিকার নয়

অনেক স্মার্টফোনে নিচের দিকে যে সারিবদ্ধ ছিদ্র দেখা যায়, তার এক পাশেই মূল স্পিকার থাকে। অন্য পাশের ছিদ্রগুলোর নিচে থাকতে পারে মাইক্রোফোন বা অন্য যন্ত্রাংশ।

এ কারণে একটি ভিডিও বা গান চালিয়ে ভালোভাবে লক্ষ্য করলে দেখা যাবে, সব ছিদ্র দিয়ে সমানভাবে শব্দ বের হয় না।

মাইক্রোফোনের জন্যও থাকে ছোট ছিদ্র

বর্তমানের প্রায় সব স্মার্টফোনেই একাধিক মাইক্রোফোন থাকে।

এসব মাইক্রোফোনের কাজ হলো ফোনে কথা বলার সময় আপনার কণ্ঠ পরিষ্কারভাবে ধারণ করা, আশপাশের অপ্রয়োজনীয় শব্দ কমানো, ভিডিও রেকর্ডিংয়ের সময় ভালো মানের অডিও ধারণ করা ও ভয়েস অ্যাসিস্ট্যান্টকে আরও নির্ভুলভাবে কাজ করতে সাহায্য করা।

এই কারণে স্পিকারের মতো দেখতে কিছু ছিদ্র আসলে মাইক্রোফোনের জন্য ব্যবহার করা হয়।


কিছু ছিদ্র বায়ুচাপ নিয়ন্ত্রণ করে

অনেক আধুনিক স্মার্টফোনে ছোট কিছু ছিদ্র বায়ুচাপ নিয়ন্ত্রণের কাজও করে।

এসব ভেন্ট ফোনের ভেতরের চাপের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। পাশাপাশি স্পিকারের কর্মক্ষমতা এবং অনেক ক্ষেত্রে পানিনিরোধী নকশা বজায় রাখতেও ভূমিকা রাখে।

তাহলে এতগুলো ছিদ্র রাখা হয় কেন?

নির্মাতারা শুধু কাজের জন্যই নয়, নকশার দিকটিও বিবেচনায় রাখেন।

যদি এক পাশে স্পিকার আর অন্য পাশে শুধু একটি ছোট ছিদ্র থাকত, তাহলে ফোনের নিচের অংশ দেখতে অসমান লাগতে পারত। তাই অনেক সময় নকশার ভারসাম্য বজায় রাখতেও একই ধরনের ছিদ্র রাখা হয়, যদিও সবগুলোর নিচে স্পিকার থাকে না।

স্পিকারের ছিদ্র ঢেকে গেলে কী সমস্যা হতে পারে?

যদি মোটা ফোন কভার বা ময়লার কারণে স্পিকারের আসল ছিদ্র ঢেকে যায়, তাহলে শব্দ কম শোনা যেতে পারে, অডিও ঝাপসা বা ভোঁতা লাগতে পারে ও ভিডিও বা গান শোনার অভিজ্ঞতা খারাপ হতে পারে।

অন্যদিকে মাইক্রোফোনের ছিদ্র ঢেকে গেলে ফোনে কথা বলার সময় অপর প্রান্তের ব্যক্তি আপনার কথা পরিষ্কারভাবে শুনতে নাও পারেন।


পরিষ্কার করার সময় যেসব ভুল করবেন না

অনেকেই সূচ, সেফটিপিন বা ধাতব তার দিয়ে স্পিকারের ছিদ্র পরিষ্কার করার চেষ্টা করেন। এতে ভেতরের সূক্ষ্ম যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হতে পারে।

নিরাপদ উপায়ে পরিষ্কার করতে পারেন-

  • নরম ব্রাশ ব্যবহার করুন।
  • শুকনো মাইক্রোফাইবার কাপড় দিয়ে মুছুন।
  • প্রয়োজন হলে কম চাপের বাতাস ব্যবহার করুন।
  • ধারালো কোনো বস্তু স্পিকারের ছিদ্রে ঢোকাবেন না।

কীভাবে বুঝবেন কোনটি আসল স্পিকার?

খুব সহজ একটি উপায় হলো কোনো গান বা ভিডিও চালিয়ে স্পিকার গ্রিলের কাছে কান নিয়ে শোনা। এতে বোঝা যাবে কোন দিক থেকে আসলে শব্দ বের হচ্ছে। তবে কিছু প্রিমিয়াম স্মার্টফোনে স্টেরিও স্পিকার থাকায় নিচের স্পিকারের পাশাপাশি ওপরের ইয়ারপিস থেকেও শব্দ আসতে পারে।

স্মার্টফোনে দেখা ছোট ছোট সব ছিদ্রই স্পিকার নয়। কিছু ছিদ্র শব্দ বের করার জন্য, কিছু মাইক্রোফোনের জন্য, আবার কিছু বায়ুচাপ নিয়ন্ত্রণ বা নকশার ভারসাম্য বজায় রাখার জন্য ব্যবহার করা হয়। তাই ফোন পরিষ্কার করার সময় বা কভার ব্যবহারের ক্ষেত্রে এসব ছিদ্রের প্রতি সতর্ক থাকলে ফোনের অডিও ও কলের মান দীর্ঘদিন ভালো রাখা সম্ভব।

সূত্র: টিভি ৯