ইতিহাসের ১০টি সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্পের আঘাতে এ পর্যন্ত ৩২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ৭ শতাধিক মানুষ। দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ হতাহতের এই সংখ্যা জানিয়েছেন।
হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলেছে, পরপর শক্তিশালী দুটি ভূমিকম্পের আঘাতে ভেনেজুয়েলায় ব্যাপক হতাহত ও ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। ১০ হাজার থেকে ১ লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এ দুর্যোগের প্রভাব সুদূরপ্রসারী হতে পারে।
সংস্থাটির তথ্য অনুযায়ী, স্থানীয় সময় বুধবার (২৪ জুন) সন্ধ্যা ৬টা ৪ মিনিটে কারাকাস থেকে প্রায় ১৬৮ কিলোমিটার পশ্চিমে সান ফেলিপের কাছে ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ৩৯ সেকেন্ডের মাথায় কারাকাস থেকে পশ্চিমে ইউমারের কাছে ৭ দশমিক ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে।
মার্কিন সংস্থাটির তথ্য অনুযায়ী, এ পর্যন্ত রেকর্ডকৃত বিশ্বের ১০টি সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পের মধ্যে সবচেয়ে ভয়াবহ ছিল ১৯৬০ সালে চিলির বায়োবায়ো অঞ্চলে আঘাত হানা ৯ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প। ওই ভূমিকম্পে ১ হাজার ৬৫৫ জন নিহত হন।
আর সবচেয়ে প্রাণঘাতী ছিল ২০০৪ সালের সুমাত্রা-আন্দামান ভূমিকম্প ও সুনামি। এতে ২ লাখ ৮০ হাজারের বেশি মানুষ নিহত হন। ইউএসজিএসের রেকর্ড করা ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ১০টি ভূমিকম্প ও সেগুলোতে হতাহতের সংখ্যা নিচে দেওয়া হলো।
| সাল | স্থান | মাত্রা | নিহত |
|---|---|---|---|
| ১৯৬০ | বায়োবায়ো, চিলি | ৯.৫ | ১ হাজার ৬৫৫ |
| ১৯৬৪ | আলাস্কা, যুক্তরাষ্ট্র | ৯.২ | ১৩০ |
| ২০০৪ | সুমাত্রা, ইন্দোনেশিয়া | ৯.১ | ২ লাখ ৮০ হাজারের বেশি |
| ২০১১ | তোহোকু, জাপান | ৯.১ | ১৫ হাজারের বেশি |
| ১৯৫২ | কামচাটকা, রাশিয়া | ৯.০ | ১৫ হাজারের বেশি |
| ২০২৫ | কামচাটকা, রাশিয়া | ৮.৮ | শূন্য |
| ২০১০ | বায়োবায়ো, চিলি | ৮.৮ | ৫২৩ |
| ১৯০৬ | এসমেরালদাস, ইকুয়েডর | ৮.৮ | ১ হাজার ৫০০ |
| ১৯৬৫ | আলাস্কা, যুক্তরাষ্ট্র | ৮.৭ | শূন্য |
| ১৯৫০ | অরুণাচল প্রদেশ, ভারত | ৮.৬ | ৭৮০ |
সূত্র: আলজাজিরা।





