logo
জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশ মেরামতে ‘থ্রি-আর’ কৌশল নেওয়া হয়েছে: তারেক রহমান

বাসস
দেশ মেরামতে ‘থ্রি-আর’ কৌশল নেওয়া হয়েছে: তারেক রহমান
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে ভাষণ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: বাসস

দীর্ঘদিনের শাসন-শোষণে ক্ষতিগ্রস্ত বাংলাদেশকে পুনর্গঠনে সরকার ‘থ্রি-আর’ কৌশল—রিকভারি, রেস্টোরেশন ও রিকনস্ট্রাকশন—অনুসরণ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে বাংলায় দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ দেড় দশকের শাসনের অবসানের পর ২০২৪ সালে বাংলাদেশ নতুন রাজনৈতিক পথে যাত্রা শুরু করেছে। তাঁর ভাষ্য অনুযায়ী, ওই সময়ে গুম, খুন, অপহরণ, দুর্নীতি, লুটপাট ও অর্থ পাচারের মতো কর্মকাণ্ডের অভিযোগে দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব পরিস্থিতি থেকে বের হয়ে বাংলাদেশ আবার গণতন্ত্রের পথে এগোচ্ছে বলেও দাবি করেন তিনি।

তারেক রহমান বলেন, বাংলাদেশের সামনে এখন সম্ভাবনার নতুন সুযোগ তৈরি হয়েছে। দেশের বিপুল কর্মক্ষম জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।

তিনি জানান, ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি এবং বাংলাদেশকে একটি ‘ম্যানুফ্যাকচারিং হাব’ হিসেবে গড়ে তুলতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এসব কার্যক্রম বাস্তবায়নে বাংলাদেশের উন্নয়ন সহযোগীদের পাশে থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

তরুণ উদ্যোক্তা, গবেষক ও উদ্ভাবকদের উৎসাহিত করার বিষয়েও গুরুত্ব দেন তিনি। তাঁর বক্তব্য অনুযায়ী, স্টার্টআপ উদ্যোগের মাধ্যমে তরুণদের জন্য নতুন সুযোগ তৈরিতে চলতি অর্থবছরে ৫০ মিলিয়ন ডলার বরাদ্দ রাখা হয়েছে।