logo

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যেসব বিষয়ে আলোচনা ভারতের হাইকমিশনারের

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যেসব বিষয়ে আলোচনা ভারতের হাইকমিশনারের
ড. খলিলুর রহমান ও দীনেশ ত্রিবেদী। ছবি: বাসস

পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। এ সময় তারা জাতিসংঘের সংস্কারসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের দীনেশ ত্রিবেদী বলেন, বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে আমি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতিকে শুভেচ্ছা জানাতে এসেছিলাম।

Advertisement

ভারতীয় হাইকমিশনার স্পষ্ট করে জানান, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে ড. খলিলুর রহমানের সঙ্গে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

তিনি জানান, এর আগে তিনি টেলিফোনে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতিকে ভারতের পক্ষ থেকে শুভেচ্ছাবার্তা পৌঁছে দিয়েছিলেন। তবে ব্যক্তিগতভাবে শুভেচ্ছা জানানোর সুযোগ পেয়ে তিনি আনন্দিত।

দীনেশ ত্রিবেদী বলেন, ড. খলিলুর রহমানের আন্তর্জাতিক ভূমিকার স্বীকৃতি জানানো এবং জাতিসংঘ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করাই ছিল এ সৌজন্য সাক্ষাতের উদ্দেশ্য।

জাতিসংঘের সংস্কারের চলমান আলোচনা নিয়ে বিশেষ আগ্রহ প্রকাশ করে বিষয়টিকে বিশ্বজুড়ে দেশগুলোর জন্য এক ‘অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট’ বিষয় বলে বর্ণনা করেন তিনি।

ভারতের হাইকমিশনার বলেন, ড. খলিলুর রহমান জাতিসংঘের সংস্কার নিয়ে অনেক কথা বলছেন। তাই আমি বুঝতে চেয়েছিলাম যে এই সংস্কারগুলো কী এবং কী করা যেতে পারে, কারণ এগুলো আমাদের সবার জন্যই স্বার্থসংশ্লিষ্ট। এটি আমাদের একটি অভিন্ন স্বার্থ।

এই বৈঠকের মধ্য দিয়ে জাতিসংঘের মাধ্যমে আন্তর্জাতিক নানা সংকট সমাধানের ক্ষেত্রে ড. খলিলুর রহমানের দৃষ্টিভঙ্গি ও অভিজ্ঞতা সম্পর্কে জানার একটি সুযোগ তৈরি হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

জাতিসংঘকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বহুপক্ষীয় সংস্থা হিসেবে উল্লেখ করে ত্রিবেদী বলেন, এর সংস্কারের সঙ্গে জড়িত চ্যালেঞ্জ এবং সম্ভাবনাগুলো ভালোভাবে অনুধাবন করতে তিনি আন্তরিকভাবে আগ্রহী।

আন্তর্জাতিক বিষয়াবলিতে খলিলুর রহমানের প্রাজ্ঞতার প্রশংসা করেন ভারতীয় হাইকমিশনার এবং আলোচনার জন্য ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, খলিলুর রহমান অত্যন্ত জ্ঞানী একজন ব্যক্তি। জাতিসংঘ বিশ্বের অন্যতম শীর্ষ বহুপক্ষীয় সংস্থা হওয়ায় আমি তার অভিজ্ঞতা সম্পর্কে জানতে চেয়েছি।

উল্লেখ্য, ড. খলিলুর রহমান ২০২৬ সালের ২ জুন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন। তার এ নির্বাচনের মধ্য দিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশ গুরুত্বপূর্ণ নেতৃত্বের অবস্থানে অধিষ্ঠিত হয়।