logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি

পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি
বাংলাদেশ পুলিশের লোগো। ছবি: পুলিশের ফেসবুক পেজ থেকে নেওয়া

বাংলাদেশ পুলিশের শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল এনেছে সরকার। বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে কর্মরত উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার (এসপি) ও অন্যান্য পদমর্যাদার মোট ১৪ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। এর মধ্যে ডিআইজি পদমর্যাদার দুই কর্মকর্তাকে যথাক্রমে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) দায়িত্ব দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ বদলি ও পদায়নের আদেশ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ প্রজ্ঞাপন দুটিতে স্বাক্ষর করেন।

Advertisement

প্রজ্ঞাপন অনুযায়ী, স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ডিআইজি মো. মোয়াজ্জেম হোসেনকে এপিবিএনের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) পুলিশ কমিশনার (ডিআইজি) মো. সাজ্জাদুর রহমানকে সিআইডির ডিআইজি করা হয়েছে।

এ ছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার মো. আসফিকুজ্জামান আকতারকে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি মো. নাজিমুল হককে সিলেট রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) কমান্ড্যান্ট হিসেবে পদায়ন করা হয়েছে। ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মুনশী শাহাবুদ্দীনকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি করা হয়েছে।

অন্যদিকে, এসবিতে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার) মো. কামরুল ইসলামকে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অপর প্রজ্ঞাপনে আরও আট কর্মকর্তার বদলি ও পদায়নের আদেশ দেওয়া হয়েছে।

এতে অতিরিক্ত ডিআইজি মুহাম্মদ সাইফুল ইসলামকে পুলিশ অধিদপ্তর থেকে পুলিশ স্টাফ কলেজ, ঢাকায় পদায়ন করা হয়েছে। পুলিশ অধিদপ্তরে টিআর পদে কর্মরত পুলিশ সুপার এ.এইচ.এম. শাহাদাত হোসাইন, পিপিএম (বার)-কে পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

পুলিশ অধিদপ্তরে টিআর পদে কর্মরত পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল ইসলাম, পিপিএমকে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বিশেষ পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. সজীব খানকে স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) পুলিশ সুপার করা হয়েছে।

এ ছাড়া এসবির বিশেষ পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উপপুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। এসবির বিশেষ পুলিশ সুপার মাকসুদা খাতুনকে ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার এবং একই ইউনিটের বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান, পিপিএম-সেবাকে নৌপুলিশের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার মো. রবিউল ইসলাম, পিএসসিকে এসবির বিশেষ পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন দুটিতে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে। সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও দেওয়া হয়েছে।

আবদুল কাহহার মিয়াজী

সম্পাদনা

আবদুল কাহহার মিয়াজী

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট