Advertisement

১৬ ডিসেম্বর তৃতীয় টার্মিনাল উদ্বোধনের প্রস্তুতি, জাপানের সঙ্গে আলোচনা

এশিয়া পোস্ট প্রতিবেদক
১৬ ডিসেম্বর তৃতীয় টার্মিনাল উদ্বোধনের প্রস্তুতি, জাপানের সঙ্গে আলোচনা
বিমান পরিবহনমন্ত্রী আফরোজা খানম ও প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামানের সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা এইচ ই মি উনো ইয়োশিমাসা। ছবি : এশিয়া পোস্ট

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর উদ্বোধনের লক্ষ্যে প্রস্তুতি আরও জোরদারের বিষয়ে বাংলাদেশ ও জাপানের মধ্যে উচ্চপর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

এ লক্ষ্যে দ্রুত অপারেশনাল রেডলাইনেস অ্যান্ড এয়ারপোর্ট ট্রান্সফার (ওআরএটি) কার্যক্রম শুরু এবং সংশ্লিষ্ট প্রক্রিয়া নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা এইচ ই মি উনো ইয়োশিমাসা।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে জাপানের অবদান নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

বৈঠকে মন্ত্রী আফরোজা খানম বলেন, সরকারের পরিকল্পনা অনুযায়ী চলতি বছরের ১৬ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধনের লক্ষ্যে কাজ চলছে। নির্ধারিত সময়ের মধ্যে উদ্বোধনের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করতে সরকার বদ্ধপরিকর।

প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, সম্ভাব্য উদ্বোধনের সময়সূচি ধরে দ্রুত ওআরএটি কার্যক্রম শুরু করা অত্যন্ত জরুরি। এ জন্য জাপানিজ স্টেকহোল্ডার ওয়ার্কিং গ্রুপের (জাপানিস এসডব্লিউজি) আগামী মাসের মধ্যেই দরপত্র দাখিলপ্রক্রিয়া সম্পন্ন হওয়া প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, জাপান বাংলাদেশের অন্যতম পুরোনো ও বিশ্বস্ত উন্নয়ন অংশীদার। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণেও জাপানি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নির্ধারিত সময়ে টার্মিনালটি জনগণের জন্য উন্মুক্ত করতে জাপানের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা বাংলাদেশ-জাপান সহযোগিতা আরও সম্প্রসারণের প্রত্যাশা ব্যক্ত করেন। একই সঙ্গে তৃতীয় টার্মিনাল প্রকল্পসহ চলমান বিভিন্ন উন্নয়ন উদ্যোগে জাপানের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।

সৌজন্য সাক্ষাৎ শেষে সম্প্রতি পুনরায় চালু হওয়া ঢাকা-নারিতা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট পরিচালনা উপলক্ষে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসার হাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারের একটি প্রতিকৃতি (মডেল) তুলে দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।