logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

১৮৬৮ কোটির হাসপাতাল চালু করতে ১৪১০ কোটি চায় বিএমইউ

১৮৬৮ কোটির হাসপাতাল চালু করতে ১৪১০ কোটি চায় বিএমইউ
স্বাস্থ্যমন্ত্রী মো. সাখাওয়াত হোসেনের কাছে লিখিত আবেদন তুলে দেন বিএমই সুপার স্পেশালাইজড হাসপাতালের চেয়ারম্যান ও বিএমইউর উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। ছবি: এশিয়া পোস্ট

উদ্বোধনের চার বছর পেরিয়ে গেলেও এখনো পূর্ণাঙ্গভাবে চালু করা যায়নি সরকারি উদ্যোগে নির্মিত দেশের একমাত্র সুপার স্পেশালাইজড হাসপাতাল। দেশীয় ও বিদেশি ঋণে এক হাজার ৮৬৮ কোটি টাকায় নির্মিত প্রতিষ্ঠানটি পূর্ণাঙ্গরূপে চালু করতে নতুন করে এক হাজার ৪১০ কোটি টাকা চেয়েছে প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রক বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)।

নতুন এই অর্থ চেয়ে সোমবার (২৩ নভেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের কাছে লিখিত আবেদন তুলে দেওয়া হয়েছে। বিএমই সুপার স্পেশালাইজড হাসপাতালের চেয়ারম্যান ও বিএমইউর উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী এ পত্র তুলে দেন।

Advertisement

এ সময় স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব এ কে এম বেনজামিন রিয়াজী, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. আ. ন. ম. বজলুর রশীদ, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন, বিএমই সুপার স্পেশালাইজড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও বিএমইউর উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, বিএমই সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক ও বিএমইউ’র ডিন অধ্যাপক ডা. সাইফ উল্লাহ মুন্সী, বিএমইউর পরিচালক (অর্থ ও হিসাব) খন্দকার শফিকুল হাসান রতন উপস্থিত ছিলেন।

‘উন্নত ও জটিল চিকিৎসার জন্য বিদেশ নয়, দেশেই মিলবে স্বল্প খরচে বিশ্বমানের সেবা’-এমন আকাশছোঁয়া স্বপ্ন দেখিয়ে ২০২২ সালে যাত্রা শুরু করে সুপার স্পেশালাইজড হাসপাতাল। রাজধানীর শাহবাগে অবস্থিত প্রতিষ্ঠানটিতে কিডনি, লিভার প্রতিস্থাপন, ক্যানারের সর্বোচ্চ মানের চিকিৎসা, কার্ডিওলোজি ও অন্যান্য জটিল রোগের উন্নত চিকিৎসা দেওয়ার প্রতিশ্রুতি ছিল। কিন্তু উদ্বোধনের প্রায় চার বছর পরও সে স্বপ্ন বাস্তবে রূপ নেয়নি। শুরু থেকে নিয়োগে চরম অনিয়ম, অব্যবস্থাপনা ও দুর্নীতিতে আধুনিক যন্ত্রপাতি থাকা স্বত্বেও শুধুমাত্র জনবলের অভাবে কার্যক্রম শুরু করতে পারেনি হাসপাতালটি, যা এখন কার্যত স্থবির হয়ে পড়ে আছে।

বর্তমানে সীমিতসংখ্যক চিকিৎসক, নার্স ও কর্মচারী দিয়ে কিছু সেবা থাকলেও বন্ধ রয়েছে প্রতিশ্রুত বিশেষায়িত অধিকাংশ সেবা। কিডনি প্রতিস্থাপনের মত গুরুত্বপূর্ণ কার্যক্রম চালু হওয়ার পরও বিভিন্ন জটিলতায় কয়েক দফা বন্ধ হয়ে যায়। ল্যাবরেটরি ও অপারেশন থিয়েটারসহ প্রায় ২৮৩ কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি এখন নষ্ট হওয়ার ঝুঁকিতে রয়েছে। প্রায় ৮০ শতাংশ যন্ত্র এখন একবারও ব্যবহার হয়নি। ইতোমধ্যে কিছু অত্যাধুনিক চিকিৎসা যন্ত্র নষ্টও হয়ে গেছে। পলেস্তার খসে পড়েছে বিভিন্ন কক্ষের।

সংশ্লিষ্টরা বলছেন, পূর্ণাঙ্গ সেবা চালু করতে চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মী মিলিয়ে দুই হাজার ৭০০ জনের বেশি জনবল প্রয়োজন। বর্তমানে কর্মরত ৩০০ জনেরও কম। অর্থাৎ ৯০ ভাগ পদই এখনো শূন্য। এর মধ্যে দুই দফা চুরির ঘটনা ঘটেছে। দায়িত্বে অবহেলার অভিযোগে অতিরিক্ত একজন পরিচালককে সাময়িক বরখাস্তও করা হয়েছে।

এমতাবস্থায় সরকারি ব্যবস্থাপনায় দুর্বলতায় এবার করপোরেট হাসপাতালের আদলে চালানোর উদ্যোগ বিএমইউ। ইতোমধ্যে বেসরকারি একটি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতাও হয়েছে। কোম্পানি আইনের আওতায় হাসপাতালটি পৃথক কোম্পানি হিসেবে পরিচালিত হবে। যার মালিকানার ৯০ শতাংশ থাকবে বিএমইউ’র হাতে এবং ১০ শতাংশ থাকবে সরকারের। পরিচালনায় থাকবে আলাদা পরিচালনা পর্ষদ।

স্বাস্থ্যমন্ত্রীকে দেওয়া আবেদনপত্রে বলা হয়েছে, নতুন করে অর্থ চাওয়ার মধ্যদিয়ে সুপার স্পেশালাইজড হাসপাতাল পূর্ণাঙ্গরূপে চালুর কার্যক্রমে নতুন গতি পেল। পূর্ণাঙ্গরূপে চালু হলে লিভার ট্রান্সপ্লান্ট, কিডনি ট্রান্সপ্ল্যান্ট, সর্বাধুনিক কার্ডিওভাস্কুলার ও স্ট্রোক চিকিৎসাসেবাসহ বিশেষায়িত জরুরি চিকিৎসা, বন্ধ্যাত্ব এবং বিশেষায়িত নারী, মাতৃ ও শিশু চিকিৎসায় নতুন দিগন্ত উন্মোচিত হবে। যেখানে থাকছে সিসিইউ, আইসিইউ, এনআইসিইউসহ বহুল কাঙ্খিত শিশুদের আইসিইউ ও পিআইসিইউ।

এতে আরও বলা হয়েছে, হাসপাতালটিতে বিশ্বমানের আধুনিক করপোরেট চিকিৎসাসেবা নিশ্চিতকরণের লক্ষ্যে বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ ও দক্ষ ফিজিসিয়ানস অ্যান্ড সার্জন যা চিফ কনসালট্যান্ট, সিনিয়ন কনসালট্যান্ট, কনসালট্যান্ট পদ নামে অবহিত এবং অভিজ্ঞ চিকিৎসক, কর্মকর্তা, নার্স, টেকনোলজিস্ট ও কর্মচারীদের বেতন-ভাতাদি প্রদান এবং বিশেষায়িত সেবা প্রদানের জন্য আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন সার্ভিস সেন্টারগুলোতে (লিভার ট্রান্সপ্লান্ট ও হেপাটোবিলিয়রি-পেনক্রিয়েটিক সেন্টার, কিডনি ট্রান্সপ্ল্যান্ট ও ডিজিজ সেন্টার, কার্ডিওভাস্কুলার ও স্ট্রোক সেন্টার, অনকোলজি সেন্টার, রেডিওলজি ও ইমেজিং সেন্টার, বিশেষায়িত জরুরি চিকিৎসা সেন্টার, বন্ধ্যাত্ব এবং বিশেষায়িত নারী, মাতৃ ও শিশু চিকিৎসা সেন্টার), সিসিইউ, আইসিইউ, এনআইসিইউ, পিআইসিইউ, লাইফ সাপোর্ট ভ্যান্টিলেটর সরঞ্জামাদি এবং বিশ্বমানের ওটি পরিচালনার প্রয়োজনীয় মেডিক্যাল ইকুইপমেন্ট ও যন্ত্রপাতি, ল্যাব সরঞ্জামাদি এবং সেন্টার সমূহের জন্য আধুনিক হসপিটাল বেড ও সাইড বেড লকার এবং হাসপাতালের সম্মুখভাগে ল্যান্ডস্কেপিংয়ের মাধ্যমে আপগ্রেডিং, হাসপাতাল চতুর পার্শ্বে সবুজায়ন, আউটডোর ও রোগীরদের ওয়েটিং রুম আধুনিকীকরণ, কেবিনসমূহ সংস্কার, ওয়ার্ডসমূহ সংস্কার, সম্পূর্ণ হাসপাতাল কেন্দ্রীয়ভাবে শীতাতপ নিয়ন্ত্রিতকরণ, চিলার স্থাপন, মেডিক্যাল গ্যাস প্লান্ট স্থাপন, সাবস্টেশন স্থাপন, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, সিলিং মেরামত, হেপা ফিলটার স্থাপন, ল্যাব সংস্কার, পার্কিং এর র‍্যাম্প সংস্কার, ইনডোর, মরচুয়ারি সংস্কার, কনফারেন্স ও অডিটরিয়াম সংস্কার, ক্যাফেটেরিয়া ও বেইজমেন্ট সংস্কার তথা পূর্তখাতে প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন কাজে জরুরিভিত্তিতে এক হাজার ৪১০ কোটি ৭ লাখ ৮৮ হাজার ৮৩ টাকা ৩৩ পয়সা বিশেষ বরাদ্দ প্রয়োজন।