এসএসসি ও সমমানের ফলাফল নিয়ে আজহারির স্ট্যাটাস

২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় পাশের হার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইসলামিক আলোচক ড. মিজানুর রহমান আজহারি।
সোমবার (১০ আগস্ট) বিকেল ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে দেশের ৩১২টি শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী পাস না করায় তিনি উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে এসব প্রতিষ্ঠানে একজন শিক্ষার্থীও কেনো পাস করেনি সেই সংকটের কারণ খুঁজে বের করারও আহ্বান জানিয়েছেন ইসলামিক এই আলোচক।
মিজানুর রহমান আজহারি তার স্ট্যাটাসে তুলে ধরেন, ২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় সামগ্রিক পাসের হার ৬২.২৫ শতাংশ। উদ্বেগের বিষয় হচ্ছে—দেশের ৩১২টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কোনো শিক্ষার্থী। এই সংকটের কারণ খুঁজে বের করা প্রয়োজন। কোথায় কমতি আছে, কোথায় আরও যত্ন ও কার্যকর উদ্যোগ প্রয়োজন—সেসব আলোচনাও সামনে আসা জরুরি।
তিনি আরও বলেন, শুধু শিক্ষার্থীদের দায় না দিয়ে; শিক্ষক, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং শিক্ষাব্যবস্থার সামগ্রিক কাঠামো নিয়ে গভীরভাবে ভাবতে হবে এবং টেকসই সমাধান হাজির করতে হবে।
সোমবার সকালে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে গড় পাসের হার ৬২.২৫ শতাংশ। এ বছর দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৯ লাখ ১৭ হাজার ৬৯৪ জন ছাত্র ও ৯ লাখ ১১ হাজার ৭৯১ জন ছাত্রী। এর মধ্যে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন জন উত্তীর্ণ হয়েছে। ৫ লাখ ৩০ হাজার ৯৩৮ জন ছাত্র ও ৬ লাখ ৭ হাজার ৯৩৯ জন ছাত্রী উত্তীর্ণ হয়েছেন।
এদিকে মাদ্রাসা বোর্ডের অধীনে মোট ৩ লাখ ৭ হাজার ৮৭ জন, অংশগ্রহণ করে ২ লাখ ৯৬ হাজার ৯৮২ জন। এর মধ্যে উত্তীর্ণ ১ লাখ ৬৪ হাজার ৭৯৭ অকৃতকার্য ১ লাখ ৩২ হাজার ১৮৫ জন। আর পাসের হার ৫৫ দশমিক ৪৯ শতাংশ। এ ছাড়া কারিগরি বোর্ডের অধীনে মোট ১ লাখ ৩৫ হাজার ১৭৯ জন শিক্ষার্থী ছিল। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করে ১ লাখ ২৭ হাজার ৯৬৪ জন। এর মধ্যে উত্তীর্ণ ৭৪ হাজার ৪৭০ জন ও অকৃতকার্য হয় ৫৩ হাজার ৪৯৪ জন। আর পাসের হার ৫৮ দশমিক ২০ শতাংশ।
সারা দেশে মোট ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে ৩০ হাজার ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়। এবার এসএসসির মোট পরীক্ষার্থী ছিল ১৮ লাখ ৬৭ হাজার ৬১৪ জন। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করে ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন। পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয় ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন এবং অকৃতকার্য হয় ৬ লাখ ৯০ হাজার ৬০৮ জন। সর্বমোট পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ।
.png)



