logo

বাংলাদেশিদের জন্য শ্রম ভিসা স্থগিত করল লাওস

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
বাংলাদেশিদের জন্য শ্রম ভিসা স্থগিত করল লাওস
প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়। ছবি: এশিয়া পোস্ট গ্রাফিক্স

বাংলাদেশি নাগরিকদের জন্য সাময়িকভাবে শ্রমিক নিয়োগ, ওয়ার্ক পারমিট অনুমোদন ও শ্রম ভিসা প্রদান বন্ধ ঘোষণা করেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ লাওস।

লাওস সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, এই স্থগিতাদেশ ১ সেপ্টেম্বর থেকে আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে।

এমন পরিস্থিতিতে লাওসে গমনেচ্ছু বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। একই সঙ্গে কোনো ধরনের চাকরির প্রলোভনে পড়ে অর্থ লেনদেন না করার নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, লাওসের শ্রম ও সমাজকল্যাণ মন্ত্রণালয় গত ৯ সেপ্টেম্বর একটি নতুন নির্দেশনা জারি করে। এতে বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন শ্রমিক নিয়োগের কোটা, নিয়োগ প্রক্রিয়া ও ওয়ার্ক পারমিট অনুমোদন সাময়িকভাবে স্থগিত করার কথা জানানো হয়। পাশাপাশি শ্রমিক শ্রেণির ভিসা প্রদানও বন্ধ রয়েছে।

ভিসা ও ওয়ার্ক পারমিট স্থগিতের এই বিষয়টি থাইল্যান্ডে অবস্থিত বাংলাদেশ দূতাবাস নিশ্চিত করেছে।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আরও জানিয়েছে, বর্তমানে ভুয়া ভিসা, ভুয়া চাকরির প্রস্তাব ও অননুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে প্রতারিত হওয়ার প্রবল ঝুঁকি রয়েছে। তাই কোনো প্রকার চাকরির প্রস্তাব বা ভিসার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট সরকারি দপ্তরের মাধ্যমে তথ্যের সত্যতা যাচাই করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।