logo

সারের ডিলারশিপ বাতিলের নোটিশটি ভুয়া

সারের ডিলারশিপ বাতিলের নোটিশটি ভুয়া
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভুয়া নোটিশ। ছবি: এশিয়া পোস্ট

কৃষি মন্ত্রণালয়ের নামে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সারের ডিলার নিয়োগ বাতিলের একটি নোটিশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে মন্ত্রণালয় সংশ্লিষ্ট কর্মকর্তা ওই নোটিশকে ভুয়া বলে জানিয়েছেন।

গত ৮ নভেম্বরের তারিখসংবলিত নোটিশটিতে দাবি করা হয়, দেশের বর্তমান সার পরিস্থিতি, বাজার ব্যবস্থাপনা ও সরকারি সার সরবরাহের স্বার্থে ২০২৬ সালে বিএডিসির আওতায় অনুষ্ঠিত সার ডিলার নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হয়েছে। একই সঙ্গে নির্বাচিত সব প্রার্থীর নিয়োগাদেশ ও নিয়োগপত্র বাতিলের কথাও উল্লেখ রয়েছে।

বিএডিসির সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে প্রচারিত নোটিশটিকে ভুয়া বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, কৃষি মন্ত্রণালয়ের সার ব্যবস্থাপনা ও মনিটরিং শাখার কৃষি অর্থনীতিবিদ শাহনাজ আক্তার। তিনি জানান, এ ধরনের কোনো নোটিশই মন্ত্রণালয় ইস্যু করেনি।

এদিকে কৃষি মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও এমন কোনো নোটিশ পাওয়া যায়নি। এ ছাড়া মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাও নোটিশটিকে ভুয়া বলে নিশ্চিত করেছেন।