logo

গোপালগঞ্জে বিজিবির পানি সরবরাহে আ.লীগের সম্পৃক্ততার খবর ভিত্তিহীন: বিজিবি

গোপালগঞ্জে বিজিবির পানি সরবরাহে আ.লীগের সম্পৃক্ততার খবর ভিত্তিহীন: বিজিবি
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) লোগো। ছবি: বাসস

গোপালগঞ্জে দায়িত্ব পালনরত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের খাবার পানিসহ প্রয়োজনীয় সামগ্রী আওয়ামী লীগ সরবরাহ করছে, সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য ছড়িয়ে পড়েছে। প্রচারিত এই তথ্য সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে স্পষ্টভাবে জানিয়েছে বাহিনীটি।

শুক্রবার (২০ নভেম্বর) বিজিবির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

Advertisement

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘শেখ হাসিনার নির্দেশে গোপালগঞ্জে অবস্থানরত বিজিবি সদস্যদের খাবার পানিসহ যাবতীয় জিনিসপত্র সরবরাহ করছে আওয়ামী লীগ’ শিরোনামে একটি তথ্য প্রচার করা হয়। বিজিবি স্পষ্টভাবে জানাচ্ছে যে প্রচারিত এ তথ্য সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

বিজিবির ব্যাখ্যা অনুযায়ী, প্রকৃতপক্ষে গোপালগঞ্জে দায়িত্ব পালনরত সদস্যদের জন্য প্রয়োজনীয় রসদ ও খাবার সামগ্রী সরবরাহকারীর মাধ্যমে নগদ অর্থে কেনা হয়। স্থানীয় দোকানদারের কাছ থেকে মূল্য পরিশোধ করে পানি কেনে বিজিবি। পরে দোকানদার ভ্যানযোগে সেই পানি বাহিনীর সদস্যদের কাছে পৌঁছে দেন। এটি বিজিবির নিজস্ব অর্থায়নে পরিচালিত স্বাভাবিক ক্রয় ও সরবরাহ কার্যক্রম।

এর সঙ্গে আওয়ামী লীগ কিংবা অন্য কোনো রাজনৈতিক দল বা রাজনৈতিক ব্যক্তির কোনো ধরনের সম্পৃক্ততা থাকার সুযোগ নেই। অথচ এ সাধারণ ঘটনাকে রাজনৈতিকভাবে উপস্থাপন করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং বিজিবির নিরপেক্ষতা ও পেশাদারত্বকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালানো হচ্ছে, যা অত্যন্ত নিন্দনীয়।

বিজিবি আরও জানায়, বর্ডার গার্ড বাংলাদেশ একটি সুশৃঙ্খল ও পেশাদার বাহিনী। সব ক্ষেত্রেই দায়িত্ব পালনরত বিজিবি সদস্যদের রসদ ও প্রয়োজনীয় সামগ্রী বাহিনীর নিজস্ব ব্যবস্থাপনা ও অর্থায়নে সংগ্রহ করা হয়। কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির নির্দেশনা কিংবা অনুদানের মাধ্যমে বিজিবি সদস্যদের জন্য এসব সামগ্রী সরবরাহের প্রশ্নই আসে না। বিজিবির নিজস্ব অর্থায়নে ক্রয় করা পানিকে রাজনৈতিক সহায়তা হিসেবে প্রচার করা সম্পূর্ণ বাস্তবতাবিবর্জিত এবং পরিকল্পিতভাবে বিভ্রান্তি ছড়ানোর শামিল।

আহ্বান জানিয়ে বলা হয়, বর্ডার গার্ড বাংলাদেশ এ ধরনের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছে। একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও মহলকে প্রকৃত তথ্য যাচাই না করে এ ধরনের অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানানো হচ্ছে।

বিজিবি আরও বলেছে, কোনো ছবি বা ভিডিওর খণ্ডিত অংশের ওপর ভিত্তি করে মনগড়া তথ্য প্রচার না করে ঘটনার প্রকৃত প্রেক্ষাপট যাচাই করা গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবার দায়িত্ব। একটি রাষ্ট্রীয় বাহিনীর পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে এ ধরনের অপপ্রচার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বিজিবি সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হয় বিজ্ঞপ্তিতে।