logo

সীমান্ত দিয়ে ২০ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

সীমান্ত দিয়ে ২০ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি
মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে পুশইনের চেষ্টার পর সীমান্ত এলাকায় অবস্থান নেওয়া লোকজন ও টহলরত সীমান্তরক্ষী বাহিনী। ছবি : এশিয়া পোস্ট

মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে নারী ও পুরুষসহ ২০ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশইন) চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর নজরদারি ও তৎপরতায় বিএসএফের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে বড়লেখা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা লাতু ও পাল্লাথল সীমান্ত দিয়ে ওই ২০ জনকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে বিএসএফ। সে সময় সীমান্তে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছিল। এই সুযোগ কাজে লাগিয়ে সীমান্তের ওপার থেকে তাদের এপারে ঠেলে দেওয়ার চেষ্টা চালানো হয়।

Advertisement

বিষয়টি টের পাওয়ার সঙ্গে সঙ্গেই বিজিবি সদস্যরা সতর্ক অবস্থান নেন এবং সীমান্ত অতিক্রমের চেষ্টা প্রতিহত করেন। ফলে ওই ২০ জন আর বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারেননি। শুক্রবার সকাল পর্যন্ত তারা সীমান্তের নো ম্যানস ল্যান্ডের ভারত অংশে বসে রয়েছেন।

এ বিষয়ে বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজন বলেন, বৈরী আবহাওয়ার সুযোগে লাতু ও পাল্লাথল সীমান্তের পাহাড়ি অঞ্চল দিয়ে ২০ জন নারী-পুরুষকে বাংলাদেশে পুশইন করার চেষ্টা করেছিল বিএসএফ। কিন্তু বিজিবির নিয়মিত টহল দল অত্যন্ত তৎপর থাকায় তাদের সেই প্রচেষ্টা প্রতিহত করা সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, এই ঘটনার পর থেকে বড়লেখার লাতু, পাল্লাথলসহ আশপাশের সীমান্ত এলাকাগুলোতে বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারি আগের চেয়ে আরও বেশি জোরদার করা হয়েছে, যাতে কোনোভাবেই অনুপ্রবেশের মতো ঘটনা না ঘটতে পারে। বর্তমানে ওই সীমান্ত এলাকার পরিস্থিতি শান্ত ও বিজিবির নিয়ন্ত্রণে রয়েছে।