বিমানবন্দরে হয়রানি, লিখিত অভিযোগ জামায়াতের চার এমপির

ওমরা থেকে ফেরার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়রানির শিকার হয়ে লিখিত অভিযোগ করেছেন ঢাকা-৫ আসনের সংসদ সদস্য কামাল হোসেনসহ জামায়াতে ইসলামীর চার এমপি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ২টার দিকে ভেরিফায়েড ফেসবুক পোস্টে অভিযোগপত্রের কপিসহ বিস্তারিত তুলে ধরেন তিনি।
কামাল হোসেন লিখেন, ‘শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এই ভোগান্তির শেষ কোথায়? আজ সকাল ৮.৫৫টায় অবতরণ করা BG338 ফ্লাইটের সাধারণ যাত্রীদের পক্ষ হতে যাত্রি হয়রানি, মালামাল যথাযথভাবে বুঝিয়ে না পাওয়া ও কর্তব্যে অবহেলার কারণে আমরা ৪ জন জাতীয় সংসদ সদস্য বিমান কর্তৃপক্ষ বরাবর অভিযোগ দাখিল করলাম।’
ওই অভিযোগপত্রে স্বাক্ষরকারী চার সংসদ সদস্য হলেন, শেরপুর-১ আসনের মো. রাশেদুল ইসলাম রাশেদ, ঢাকা-৫ আসনের মোহাম্মদ কামাল হোসেন, গাজীপুর-৪ আসনের সালাহউদ্দীন ও খুলনা-২ আসনের জাহাঙ্গীর হুসাইন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক বরারব লেখা ওই অভিযোগ পত্রে তারা জানান, স্বাক্ষরকারী চারজনসহ বিজি৩৩৮ (মদিনা-ঢাকা) যোগে যেসকল যাত্রীরা ঢাকায় অবতরণ করেন তাদের অধিকাংশ যাত্রী (যাদের মধ্যে ৩৪ জন সংসদ সদস্য) ট্যাগযুক্ত পানির লাগেজ ৩ ঘণ্টা অতিবাহিত হলেও পাননি।
তারা লেখেন, বিষয়টি নিয়ে দীর্ঘ সময় ধরে যৌাক্তিক কারণ উত্থাপন করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এ ছাড়াও যাত্রী হয়রানির ঘটনা ঘটেছে। এ ব্যাপারে কারণ দর্শানোর জন্য বলা হলো। এক্ষেত্রে চার কর্মদিবস সময় দেওয়া হলো।
