শাহজালালে যাত্রীর পায়ুপথ ও অন্তর্বাসে মিলল স্বর্ণের ডিম-পেস্ট

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা হাসান মিয়া নামের এক যাত্রীর পায়ুপথ ও অন্তর্বাসের ভেতর থেকে ১ কোটি ৮০ লাখ টাকা সমমূল্যের স্বর্ণের ডিম ও পেস্ট জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা।
রোববার (১৫ নভেম্বর) ভোরে দুবাই থেকে ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস-৩৪২ ফ্লাইটে ঢাকায় আসেন ওই যাত্রী। তার পায়ুপথে লুকানো ছিল চারটি ডিম্বাকৃতির স্বর্ণ এবং অন্তর্বাসের কাপড়ে মাখানো ছিল স্বর্ণসদৃশ পেস্ট। উদ্ধার করা বস্তুর ওজন প্রায় এক কেজি। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা।
হাসান মিয়ার বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়।
এ বিষয়ে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের বরাত দিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা আল-আমিন শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুবাই থেকে ঢাকায় আসা হাসানকে নজরদারিতে রাখা হয়। পরে এক্সরে পরীক্ষায় তার রেক্টামে স্বর্ণসদৃশ বস্তু থাকার বিষয়টি শনাক্ত হয়। তল্লাশির একপর্যায়ে রেক্টাম থেকে প্রায় ৯০০ গ্রাম ওজনের চারটি ডিম্বাকৃতির বস্তু উদ্ধার করা হয়। এ ছাড়া তার অন্তর্বাসের কাপড়ে মাখানো অবস্থায় পাওয়া যায় আরও প্রায় ১০০ গ্রাম স্বর্ণসদৃশ পেস্ট।
তিনি জানান, প্রাথমিক হিসাবে উদ্ধার করা এসব বস্তুর মোট ওজন প্রায় এক হাজার গ্রাম। তবে এগুলোর মধ্যে প্রকৃত স্বর্ণের পরিমাণ ও বিশুদ্ধতা এখনও নিশ্চিত হওয়া যায়নি। পরীক্ষা ও পরিশোধন শেষে স্বর্ণের প্রকৃত পরিমাণ নির্ধারণ করা সম্ভব হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের প্রাথমিক ধারণা, এ ঘটনার সঙ্গে সংঘবদ্ধ আন্তঃদেশীয় চোরাচালান চক্র জড়িত থাকতে পারে। চক্রটির সদস্য, অর্থের জোগানদাতা এবং নেপথ্যের পরিকল্পনাকারীদের শনাক্ত করতে কাজ করছে অধিদপ্তর।

