শাহজালালে এক দিনে ৩ অভিযান, কোটি টাকার স্বর্ণ-মোবাইল ফোন জব্দ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক দিনে তিন অভিযান চালিয়ে ৪৭১ গ্রাম স্বর্ণের বার ও ৩৫টি স্মার্ট ফোন জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। যার মূল্য ১ কোটি ১২ লাখ টাকা।
শুক্রবার (১৩ নভেম্বর) এসব অভিযান চালানো হয়।
অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা মো. আল-আমিন শেখ।
কাস্টমস গোয়েন্দাদের বরাত দিয়ে আল-আমিন জানান, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যাংকক থেকে ঢাকাগামী BS218 ফ্লাইটে আসা যাত্রী মো. আবুল হোসেনের ব্যাগেজ তল্লাশি করে ১৭১ গ্রাম স্বর্ণের বার পাওয়া যায়। এ সময় কসমেটিকস, খাদ্যদ্রব্য ও ওষুধও জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩৫ লাখ ৭০ হাজার টাকা।
একই দিন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যাংকক থেকে ঢাকাগামী BG389 ফ্লাইটে আসা যাত্রী শাহ আলম আজিজের ব্যাগেজে মেলে ৩০০ গ্রাম স্বর্ণের বার এবং স্যামসাং, অনার ও রিয়েলমি ব্র্যান্ডের ৩৫টি স্মার্টফোন। এ ছাড়া তার ব্যাগেজ থেকে ৩৬ কেজি সাবান ও ৬ কেজি ৩৭৫ গ্রাম কসমেটিকস জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক মূল্য ৫৫ লাখ ৩০ হাজার টাকা।
ব্যাগেজ সুবিধা অনুযায়ী, প্রযোজ্য কর পরিশোধ ও পাসপোর্টে এন্ট্রি সাপেক্ষে ১০০ গ্রাম স্বর্ণের বার ছাড় দেওয়া হয়। বাকি স্বর্ণ ও অন্যান্য পণ্য জব্দ করা হয়।
একই ফ্লাইটের আরেক যাত্রী উম্মা হানির ব্যাগেজে পাওয়া যায় ২০০ গ্রাম স্বর্ণের বার ও ৪০ কেজি ৪৮০ গ্রাম সাবান। এসব পণ্যের আনুমানিক মূল্য ২১ লাখ ৭৭ হাজার টাকা।
কাস্টমস গোয়েন্দার পর্যবেক্ষণ বলছে, যাত্রী ব্যাগেজ ব্যবহার করে ছোট ছোট চালানে স্বর্ণ ও দামি ইলেকট্রনিক পণ্য আনার প্রবণতা রাজস্ব ফাঁকির নতুন ঝুঁকি তৈরি করছে। চালানগুলো আলাদাভাবে ছোট হলেও সম্মিলিতভাবে এর আর্থিক পরিমাণ বড়। এসব চালানের পেছনে সংঘবদ্ধ কোনো চোরাচালানচক্র সক্রিয় রয়েছে কি না, তা খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, চোরাচালানকারীরা কৌশল পরিবর্তন করে ছোট চালানে পণ্য আনার চেষ্টা করলেও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। সরকারি রাজস্ব সুরক্ষা এবং অবৈধ পণ্য আমদানি প্রতিরোধে বিমানবন্দরে তল্লাশি ও অভিযান আরও জোরদার করা হয়েছে।


