logo

অশ্লীলতা মোকাবিলায় বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার আহ্বান গোলাম পরওয়ারের

অশ্লীলতা মোকাবিলায় বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার আহ্বান গোলাম পরওয়ারের
বক্তব্য রাখছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ছবি: জামায়াত মিডিয়া সেল

শিরক, বিদআত ও অশ্লীলতার মোকাবিলায় মানুষের মাঝে ইসলামের সুন্দর, মননশীল ও বিশুদ্ধ গান, কবিতা, গল্প, নাটক ও সিনেমা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, ‘ঢাকা শুধু প্রশাসনিক রাজধানী নয়, সাহিত্য ও সংস্কৃতিরও রাজধানী। তাই সারা দেশে সাংস্কৃতিক বিপ্লব সৃষ্টির দায়িত্ব ঢাকা মহানগরীর কবি, সাহিত্যিক ও শিল্পীদেরই নিতে হবে।’

শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর একটি মিলনায়তনে দেশীয় সাংস্কৃতিক সংসদের ঢাকা মহানগর অঞ্চলের ‘কালচারাল লিডারশিপ প্রোগ্রামে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘ইসলামি সংস্কৃতির মূল ভিত্তি ও প্রাণকেন্দ্র হলো তাওহীদ বা আল্লাহর একত্ববাদে বিশ্বাস। এটি কেবল একটি ধর্মীয় বিশ্বাস নয়, বরং মানুষের জীবনব্যবস্থা, চিন্তাচেতনা, নৈতিকতা ও আচার-আচরণের সামগ্রিক রূপকার। নিছক আনন্দের জন্য নয়, বরং মানুষের কল্যাণে সাহিত্য ও সংস্কৃতি চর্চাই এ শাশ্বত দর্শনের মূল কথা।’

সভাপতির বক্তব্যে সাইফুল্লাহ মানছুর বলেন, ‘গান গাইলে ব্যক্তিত্ব নষ্ট হয় না, বরং গান মানুষের হৃদয়ে আন্দোলনের দোলা সৃষ্টি করে। তবে মানবমন পরিবর্তনের জন্য পবিত্র কুরআনই সবচেয়ে শক্তিশালী অনুষঙ্গ।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দীন, ঢাকা মহানগরী দক্ষিণের আমির ও জাতীয় সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগরী উত্তরের আমির ও মেয়র প্রার্থী মুহাম্মদ সেলিম উদ্দিন, ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন এবং সাহিত্য-সংস্কৃতি কমিটি ঢাকা মহানগরী উত্তরের সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম।

নূর মামুন

সম্পাদনা

নূর মামুন

জ্যেষ্ঠ সহসম্পাদক | এশিয়া পোস্ট