বিদ্যালয়ে যান না দুই বছর, নিয়মিত বেতন তুলছেন ছাত্রলীগ নেতা

প্রায় দুই বছর ধরে কর্মস্থলে অনুপস্থিত থেকেও নিয়মিত বেতন-ভাতা উত্তোলনের অভিযোগ উঠেছে কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাতিয়া ভবেশ আদর্শ উচ্চ বিদ্যালয়ের অফিস সহায়ক নজরুল ইসলামের বিরুদ্ধে। তিনি উপজেলা ছাত্রলীগের সভাপতি। নজরুল ইসলামকে হাজিরা খাতায় উপস্থিত দেখিয়ে বেতন-ভাতা উত্তোলনে সহযোগিতা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাঈদুল ইসলাম। তাদের মামা-ভাগিনার সম্পর্ক।
বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২২ সালের শুরুর দিকে হাতিয়া ভবেশ আদর্শ উচ্চ বিদ্যালয়ে অফিস সহায়ক পদে যোগ দেন নজরুল ইসলাম। একই বছরের নভেম্বরে তিনি উলিপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দেন। তবে প্রধান শিক্ষক মাঈদুল ইসলামের সহযোগিতায় হাজিরা খাতায় উপস্থিতি দেখিয়ে নিয়মিত বেতন-ভাতা উত্তোলন করে আসছেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন শাহ আলম নামে এক শিক্ষার্থীর অভিভাবক। অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ১২ নভেম্বর বিদ্যালয়টি সরেজমিনে তদন্ত করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সাজ্জাদ হোসেন। এ সময় তিনি অফিস সহায়ক নজরুল ইসলামকে বিদ্যালয়ে অনুপস্থিত পান।
অভিযোগকারী শাহ আলমের দাবি, নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে অনুপস্থিত থাকলেও তার হাজিরা খাতায় নিয়মিত স্বাক্ষর দেখানো হচ্ছে। এভাবে সরকারি নিয়মের ব্যত্যয় ঘটিয়ে বেতন-ভাতা উত্তোলন করে আসছেন তিনি। বিষয়টির সুষ্ঠু তদন্ত ও প্রতিকার চেয়ে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছি।
বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, হাসিনা সরকারের পতনের পর থেকে নজরুল ইসলামকে তারা বিদ্যালয়ে আসতে দেখেননি। প্রধান শিক্ষক তার মামা বলেও তারা শুনেছেন।
স্থানীয় বাসিন্দা মাঈদুল ইসলাম, সিরাজুল ইসলাম, শাহজামাল, নান্নু মিয়া ও মানিক মিয়াসহ কয়েকজন অভিযোগ করেন, প্রধান শিক্ষক বিদ্যালয়টিকে অনেকটা পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত করেছেন। তাদের দাবি, প্রধান শিক্ষকের আত্মীয়স্বজনদের মধ্যে সহকারী শিক্ষক, অফিস সহায়ক, আয়া, পরিচ্ছন্নতাকর্মী ও নৈশপ্রহরীসহ ছয়জন কর্মরত রয়েছেন।
এ বিষয়ে বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আলী বলেন, নজরুল ইসলাম আগে বিদ্যালয়ে মাঝেমধ্যে আসতেন। তবে কিছুদিন ধরে তাকে আর বিদ্যালয়ে আসতে দেখা যাচ্ছে না।
অভিযোগের বিষয়ে নজরুল ইসলামের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তিনি পলাতক থাকায় তার সঙ্গে যোগাযোগ করা যায়নি।
তবে প্রধান শিক্ষক মাঈদুল ইসলাম বলেন, নজরুল ইসলাম নিয়মিত বিদ্যালয়ে আসতেন। চলতি নভেম্বর মাসে তিনি অনুপস্থিত রয়েছেন। কেন অনুপস্থিত জানতে চাইলে তিনি বলেন, নজরুল ছুটিতে আছেন। ছুটির আবেদন দেখতে চাইলে তিনি জানান, আবেদনের কপি তার বাড়িতে রয়েছে। বিদ্যালয়ে তার ছয়জন আত্মীয়স্বজন কর্মরত থাকার বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক কোনো সদুত্তর দিতে পারেননি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সাজ্জাদ হোসেন তদন্তের বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্তকালে অফিস সহায়ক নজরুল ইসলামকে অনুপস্থিত পাওয়া গেছে। বিদ্যালয় থেকে হাজিরা খাতা, ছুটির আবেদনসহ প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করা হয়েছে। তদন্তের স্বার্থে এখনই এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। তদন্তের বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে লিখিত প্রতিবেদন পাঠানো হবে।
উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম আরিফ অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।