তারেক জিয়ার সরকার কৃষিবান্ধব সরকার: হুইপ দুলু

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, তারেক জিয়ার সরকার কৃষিবান্ধব সরকার। কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে নাটোর সুগার মিলের আখ কেনার চত্বরের ২০২৬-২৭ আখ মাড়াই মৌসুমের উদ্বোধন ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, দেশের ৮০ শতাংশ মানুষ কৃষক। সুগার মিলসহ কৃষকদের কীভাবে উন্নয়ন করা যায়, সেই চিন্তা থেকেই আখের দাম বৃদ্ধি করেছেন। এ জন্য আগামীতে আখের দাম আরও বৃদ্ধির চেষ্টা করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান মো. শামছুজ্জামান সুরুজ, পুলিশ সুপার শরিফুল হক, নাটোর সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ আখলাছুর রহমানসহ মিলের কর্মকর্তা ও আখচাষিরা। পরে মিলের ডোঙ্গায় আখ দিয়ে মাড়াই মৌসুমের কার্যক্রম শুরু করা হয়।
নাটোর সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ আখলাছুর রহমান জানান, চলতি মাড়াই মৌসুমে ৬৫ দিন মাড়াই কার্যক্রম চালু রেখে ৯০ হাজার মেট্রিক টন আখ আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এতে চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫ হাজার ১৩০ মেট্রিক টন।
চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান শামছুজ্জামান সুরুজ বলেন, আমাদের প্রধানমন্ত্রী চান, দেশের সব কলকারখানা চালু থাকুক। তাহলে দেশে বেকারত্বের হার কমে যাবে। দেশের সুগার মিলগুলোকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে চিনি উৎপাদনের পাশাপাশি অন্যান্য উপজাত পণ্য উৎপাদন করতে হবে। সেই লক্ষ্য নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা কাজ করে চলেছি।
তিনি আরও বলেন, সুগার মিলগুলো আরও বেশি সময় চালু রাখতে আখচাষিদের কৃষি প্রণোদনা দেওয়া হচ্ছে। কৃষকদের ঋণ মওকুফ করা হচ্ছে। আগামীতে আখচাষিরা আরও বেশি করে আখ চাষ করবেন এবং সেই আখ মিলে বিক্রি করলে দীর্ঘ সময় মিল চালু থাকবে। এর ফলে মিলের আয় বাড়বে এবং মিলের সঙ্গে সংশ্লিষ্টরাও লাভবান হবেন।