logo

জাবির ওয়াইল্ডলাইফ রেসকিউ সেন্টার /বন্যপ্রাণী সুরক্ষার বদলে নিজেই এখন সংকটে

আরাফাত হোসাইন, জাবি
বন্যপ্রাণী সুরক্ষার বদলে নিজেই এখন সংকটে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ওয়াইল্ডলাইফ রেসকিউ সেন্টার। ছবি: এশিয়া পোস্ট

ভোরের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে চারদিকে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ প্রান্তে পা রাখলেই চোখে পড়ে এক ভিন্ন জগৎ। চারপাশে ঘন সবুজের সমারোহ, গাছের পাতায় জমে থাকা শিশিরবিন্দু, ডালে ডালে জড়িয়ে থাকা অর্কিড আর পাখির অবিরাম কলকাকলি। কোথাও বাঁশঝাড়ের আড়ালে নীরবে সরে যায় কোনো প্রাণী, আবার কোথাও মাটির ওপর মাথা তুলে দাঁড়িয়ে আছে অসংখ্য উইপোকার ঢিবি। প্রকৃতির এমন নিবিড় পরিবেশে দাঁড়ালে মুহূর্তের জন্য মনে হতে পারে, শহরের কোলাহল পেরিয়ে কোনো গভীর অরণ্যে এসে পড়েছেন। অথচ এটি কোনো বনভূমি নয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) একটি বিশেষায়িত সংরক্ষণ এলাকা। প্রায় পাঁচ একর জায়গাজুড়ে বিস্তৃত এই সবুজ আবাসের নাম ওয়াইল্ডলাইফ রেসকিউ সেন্টার (ডব্লিউআরসি)।

তবে ডব্লিউআরসির পরিচয় কেবল একটি সবুজ বনভূমিতে সীমাবদ্ধ নয়। লোকালয় থেকে উদ্ধার করা অসুস্থ, আহত ও বিপন্ন বন্যপ্রাণীকে সুস্থ করে প্রাকৃতিক আবাসস্থলে ফিরিয়ে দেওয়াই কেন্দ্রটির অন্যতম উদ্দেশ্য। এখানে প্রাণীদের বন্দি করে প্রদর্শনের পরিবর্তে তাদের সুস্থতা, নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাপনের পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়ার কথা। উদ্ধার ও পরিচর্যার পাশাপাশি চলে প্রাণীদের আচরণ, জীবনচক্র, প্রজনন ও জীববৈচিত্র্য নিয়ে গবেষণা। ফলে বন্যপ্রাণী সংরক্ষণ, শিক্ষা ও গবেষণায় কেন্দ্রটির রয়েছে বিশেষ গুরুত্ব।

তবে সরেজমিনে কেন্দ্রটির কার্যক্রম, সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য ও উদ্ধারকর্মীদের অভিজ্ঞতা পর্যালোচনায় উঠে এসেছে ভিন্ন চিত্র। নিজস্ব ভেটেরিনারি চিকিৎসক নেই, নেই নিয়োজিত নিরাপত্তাকর্মী কিংবা পর্যাপ্ত জনবল। বিশ্ববিদ্যালয় বা সরকারি পর্যায় থেকে নিয়মিত বরাদ্দ না থাকায় অর্থায়ন ও অবকাঠামো রক্ষণাবেক্ষণেও রয়েছে সীমাবদ্ধতা। এমনকি উদ্ধার করা প্রাণীদের আশ্রয় দেওয়া, চিকিৎসা ও পুনর্বাসনের ক্ষেত্রে উদ্ধারকর্মীদের সঙ্গে সমন্বয় নিয়েও রয়েছে প্রশ্ন। ফলে দেশের অন্যতম বৃহৎ প্রাতিষ্ঠানিক বন্যপ্রাণী উদ্ধারকেন্দ্র হিসেবে পরিচিত প্রতিষ্ঠানটির বাস্তব সক্ষমতা ও কার্যকারিতা নিয়ে তৈরি হয়েছে সংশয়।

বন্যপ্রাণী সংরক্ষণ, আহত ও অসুস্থ প্রাণীর পরিচর্যা এবং লোকালয়ে চলে আসা প্রাণীদের নিরাপদ আশ্রয় দেওয়ার লক্ষ্যে ২০০৪ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ওয়াইল্ডলাইফ রেসকিউ সেন্টার প্রতিষ্ঠা করেন প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তফা ফিরোজ। বন্যপ্রাণী সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা তৈরি এবং উদ্ধার করা প্রাণীদের সুস্থ করে প্রাকৃতিক আবাসস্থলে ফিরিয়ে দেওয়াই ছিল কেন্দ্রটি প্রতিষ্ঠার অন্যতম উদ্দেশ্য।

প্রতিষ্ঠার পর থেকে এখানে সাপ, কচ্ছপ, বিভিন্ন প্রজাতির পাখি ও স্তন্যপায়ী প্রাণীসহ নানা ধরনের বন্যপ্রাণীর আশ্রয় ও পরিচর্যার ব্যবস্থা করা হচ্ছে। ক্যাম্পাস ও আশপাশের এলাকা থেকে উদ্ধার করা প্রাণীদের প্রয়োজনীয় পরিচর্যা শেষে সুস্থ হলে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়। পাশাপাশি প্রাণিবিদ্যা বিভাগের ফিল্ড ল্যাবরেটরি হিসেবে কেন্দ্রটি শিক্ষার্থী ও গবেষকদের বন্যপ্রাণী পর্যবেক্ষণ ও গবেষণার সুযোগ করে দিচ্ছে।

কেন্দ্রটির কার্যক্রমে একসময় যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ইউনিভার্সিটির সহযোগিতাও ছিল। সংশ্লিষ্ট ব্যক্তিদের দেওয়া তথ্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয়টির উদ্যোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সাত দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করা হতো। এতে শিক্ষার্থীরা বন্যপ্রাণী সংরক্ষণ ও সংশ্লিষ্ট বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণের সুযোগ পেতেন। তবে ২০১৪ সাল থেকে ওই সহযোগিতা আর অব্যাহত থাকেনি। এরপর থেকে কেন্দ্রটির কার্যক্রম মূলত শিক্ষকদের ব্যক্তিগত প্রচেষ্টা ও সীমিত সামর্থ্যের ওপর নির্ভরশীল হয়ে পড়ে। বিশ্ববিদ্যালয় বা সরকারি পর্যায় থেকে নির্দিষ্ট বরাদ্দ না থাকায় অবকাঠামো রক্ষণাবেক্ষণ, নিরাপত্তা ও নিয়মিত কার্যক্রম পরিচালনায় তৈরি হয়েছে নানা সীমাবদ্ধতা।

কেন্দ্রটির মাধ্যমে প্রতি মাসে গড়ে এক থেকে দুটি উদ্ধার কার্যক্রম পরিচালিত হয়। উদ্ধার করা প্রাণীদের মধ্যে পেঁচা, মেছো বিড়াল, শিয়ালের বাচ্চাসহ বিভিন্ন প্রজাতির পাখি ও স্তন্যপায়ী প্রাণী রয়েছে।

কেন্দ্রটির দায়িত্বে থাকা বন্যপ্রাণী গবেষক আশীষ কুমার দত্তের দেওয়া তথ্য অনুযায়ী, গত পাঁচ বছরে অন্তত ৫০টি সাপ, ৩০ থেকে ৪০টি কচ্ছপ এবং ৫০টির বেশি পাখি উদ্ধার ও অবমুক্ত করা হয়েছে। এসব পাখির মধ্যে রয়েছে পেঁচা, চিল, সরালি, কালিম, শালিক, ফিঙে, টিয়া ও ময়না। এ ছাড়া শেয়াল, গন্ধগোকুল, গুইসাপ ও বেজিসহ বিভিন্ন বন্যপ্রাণী উদ্ধার করে পরিচর্যার পর অবমুক্ত করা হয়েছে।

আশীষ কুমার দত্ত বলেন, ডব্লিউআরসি প্রাণিবিদ্যা বিভাগের বন্যপ্রাণী শাখার শিক্ষার্থীদের মাঠপর্যায়ের কাজ ও গবেষণার গুরুত্বপূর্ণ ক্ষেত্র। পাশাপাশি পরিবেশবিজ্ঞান এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরাও একাডেমিক কার্যক্রমের অংশ হিসেবে এখানে আসেন। কেন্দ্রটির প্রাকৃতিক পরিবেশ বিভিন্ন বন্যপ্রাণীর নিরাপদ আবাসস্থল হিসেবেও কাজ করছে।

তবে তার মতে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তাপ্রহরী নিয়োগ এবং পরিচালন ব্যয়ের মতো ন্যূনতম সুবিধা নিশ্চিত করা গেলে কেন্দ্রটির সংরক্ষণ, পুনর্বাসন ও গবেষণার কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হবে।

উদ্ধার করা বন্যপ্রাণীর চিকিৎসা ও পরিচর্যার ক্ষেত্রে কেন্দ্রটির অন্যতম বড় সীমাবদ্ধতা নিজস্ব বন্যপ্রাণী চিকিৎসক না থাকা। ফলে গুরুতর অসুস্থ বা আহত প্রাণীর চিকিৎসার জন্য বাইরের প্রতিষ্ঠানের ওপর নির্ভর করতে হয়।

কেন্দ্রটির পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হাসান জানান, কোনো প্রাণী অসুস্থ বা বিপন্ন হওয়ার খবর পেলে সাধ্যমতো সেটিকে উদ্ধার করে কেন্দ্রে আনার চেষ্টা করা হয়। প্রাণীর শারীরিক অবস্থা অনুযায়ী নিজস্ব তত্ত্বাবধানে অথবা সাভারের প্রাণী হাসপাতাল, নিকটস্থ ডেইরি ফার্ম ও বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) বন্যপ্রাণী চিকিৎসকদের পরামর্শে চিকিৎসার ব্যবস্থা করা হয়।

তিনি বলেন, উদ্ধার করা প্রাণীদের অনেকের শরীরে দৃশ্যমান আঘাত না থাকলেও তারা আতঙ্কিত অবস্থায় থাকে। নিরাপদ পরিবেশে দুই-তিন দিন খাবার ও পরিচর্যা পেলে অনেক প্রাণীই সুস্থ হয়ে ওঠে। সুস্থ হওয়ার পর তাদের প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করা হয়।

তবে নিজস্ব চিকিৎসক না থাকায় গুরুতর অসুস্থ প্রাণীদের তাৎক্ষণিক চিকিৎসা কতটা নিশ্চিত করা সম্ভব হচ্ছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। বিশেষ করে উদ্ধার, প্রাথমিক চিকিৎসা, পর্যবেক্ষণ ও পুনর্বাসনের পুরো প্রক্রিয়া পরিচালনার জন্য প্রয়োজনীয় জনবল ও চিকিৎসাসুবিধা না থাকায় কেন্দ্রটির সক্ষমতা সীমিত হয়ে পড়ছে।

কেন্দ্রটির চিকিৎসা ও পুনর্বাসন ব্যবস্থাপনা নিয়ে ভিন্ন অভিজ্ঞতার কথা জানিয়েছেন বন্যপ্রাণী উদ্ধারকর্মীরাও। তাদের অভিযোগ, উদ্ধার-পরবর্তী সময়ে প্রাণীদের নিরাপদ আশ্রয়, প্রয়োজনীয় চিকিৎসা ও পুনর্বাসনের জন্য ডব্লিউআরসির কাছ থেকে সব সময় প্রত্যাশিত সহযোগিতা পাওয়া যায় না।

ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশনের সদস্য সুমাইয়া আমিন ঐশী বলেন, বন্যপ্রাণী উদ্ধারের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো উদ্ধার-পরবর্তী সময়ে প্রাণীদের নিরাপদে রাখা, যথাযথ চিকিৎসা নিশ্চিত করা এবং সুস্থ হওয়ার পর প্রাকৃতিক আবাসস্থলে ফিরিয়ে দেওয়া। কিন্তু পুরো প্রক্রিয়া সম্পন্ন করার মতো পর্যাপ্ত সুযোগ-সুবিধা সব সময় পাওয়া যায় না।

তিনি বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ওয়াইল্ডলাইফ রেসকিউ সেন্টার থাকলেও আমরা সব সময় তাদের সহযোগিতা পাই না। সেখানে উদ্ধার করা বন্যপ্রাণী রাখতে হলে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের অনুমতি প্রয়োজন হয়। প্রয়োজনের সময় তাদের সঙ্গে যোগাযোগ করাও কঠিন হয়ে পড়ে। উদ্ধার করা প্রাণীদের প্রাথমিক চিকিৎসা দিতে পারেন, এমন কোনো লোকও সেখানে নেই।

সুমাইয়া আমিন ঐশীর অভিযোগ, কেন্দ্রটিতে প্রয়োজনীয় প্রাণী চিকিৎসা ও পরিচর্যার ব্যবস্থা পর্যাপ্ত নয়। তার মতে, বিশ্ববিদ্যালয়ের মতো প্রাণীবান্ধব পরিবেশে একটি বন্যপ্রাণী উদ্ধারকেন্দ্রের যে ধরনের সক্রিয় ভূমিকা রাখার কথা, বাস্তবে তা পুরোপুরি দৃশ্যমান নয়।

অন্যদিকে কেন্দ্রটির পরিচালক অধ্যাপক কামরুল হাসানের দাবি, উদ্ধার করা প্রাণীদের চিকিৎসা ও পরিচর্যার ব্যবস্থা রয়েছে। প্রাণীর শারীরিক অবস্থা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি গুরুতর অসুস্থ প্রাণীদের ক্ষেত্রে বাইরের প্রতিষ্ঠানের সহযোগিতা নেওয়া হয়।

দুই পক্ষের বক্তব্যে কেন্দ্রটির চিকিৎসা ও পুনর্বাসন সক্ষমতা এবং উদ্ধারকর্মীদের সঙ্গে সমন্বয়ের ক্ষেত্রে কিছু প্রশ্ন সামনে এসেছে। নিয়মিত যোগাযোগব্যবস্থা, জরুরি ভিত্তিতে প্রাণী গ্রহণের নীতিমালা ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করা গেলে উদ্ধারকেন্দ্র এবং বন্যপ্রাণী উদ্ধারকর্মীদের মধ্যে সমন্বয় আরও কার্যকর হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

বন্যপ্রাণী সংরক্ষণের জন্য গুরুত্বপূর্ণ এই কেন্দ্রটি নিজেই ভুগছে নিরাপত্তা ও অবকাঠামোগত সংকটে। সরেজমিনে দেখা যায়, কেন্দ্রটির সীমানাপ্রাচীর ও বেড়ার বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত। ফলে সংরক্ষিত এলাকায় অননুমোদিত প্রবেশের সুযোগ তৈরি হয়েছে।

কেন্দ্রটির পরিচালক অধ্যাপক কামরুল হাসান বলেন, পুরোনো রাস্তা দিয়ে বহিরাগতদের যাতায়াতের সুযোগ থাকায় কেন্দ্রটির নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে পশ্চিম পাশের বেড়া ভেঙে শিক্ষার্থীদের সংরক্ষিত এলাকায় প্রবেশের ঘটনা প্রায়ই ঘটে। এতে পাখিসহ অন্যান্য বন্যপ্রাণীর স্বাভাবিক বিচরণ ও বিশ্রাম ব্যাহত হচ্ছে।

কেন্দ্রটির নিরাপত্তায় নেই কোনো নিয়োজিত নিরাপত্তাকর্মী। এ সুযোগে বিভিন্ন সময়ে চুরির ঘটনাও ঘটেছে। কেন্দ্রটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সানোয়ার হোসেন জানান, এ পর্যন্ত ছয় থেকে সাতবার চুরির ঘটনা ঘটেছে। রাতের বেলায় ফ্যান, বিলবোর্ডসহ বিভিন্ন সরঞ্জাম চুরি হয়েছে। পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা না থাকায় কেন্দ্রের সম্পদ রক্ষায়ও হিমশিম খেতে হচ্ছে।

নিরাপত্তার পাশাপাশি কেন্দ্রটিতে রয়েছে জনবলসংকট। বর্তমানে রক্ষণাবেক্ষণ ও দেখভালের দায়িত্ব পালন করছেন একমাত্র অস্থায়ী কর্মচারী সানোয়ার হোসেন। ২০০৬ সাল থেকে তিনি কেন্দ্রটিতে কাজ করছেন। দীর্ঘ প্রায় দুই দশক ধরে দায়িত্ব পালন করলেও এখনো স্থায়ী হয়নি তার চাকরি। একজন কর্মচারীর ওপর নির্ভর করেই চলছে কেন্দ্রটির নিয়মিত পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের কাজ। ফলে সীমিত জনবল নিয়ে পুরো কেন্দ্রের কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে।

শীত মৌসুমে এসব সংকট আরও প্রকট হয়ে ওঠে। এ সময় বিশ্ববিদ্যালয়ের জলাশয় ও আশপাশের এলাকায় বিপুলসংখ্যক পরিযায়ী পাখির আগমন ঘটে। কিন্তু কেন্দ্রটির পশ্চিম পাশের ভাঙা বেড়া দিয়ে শিক্ষার্থীসহ বিভিন্ন দর্শনার্থীর প্রবেশ এবং পাখিদের কাছাকাছি গিয়ে বিরক্ত করার ঘটনা ঘটে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এতে পাখিদের স্বাভাবিক বিচরণ ও বিশ্রামের পরিবেশ বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়। অথচ পরিযায়ী পাখিদের নিরাপদ আশ্রয় নিশ্চিত করতে এ সময় কেন্দ্রটির সুরক্ষা আরও জোরদার করা প্রয়োজন।

সব মিলিয়ে নিরাপত্তাকর্মীর অভাব, দুর্বল অবকাঠামো ও প্রয়োজনীয় জনবলের সংকট কেন্দ্রটির সংরক্ষণ কার্যক্রমকে বাধাগ্রস্ত করছে। বন্যপ্রাণীর নিরাপদ আবাসস্থল হিসেবে কেন্দ্রটির কার্যকারিতা ধরে রাখতে হলে সীমানাপ্রাচীর ও বেড়া সংস্কারের পাশাপাশি সার্বক্ষণিক নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে প্রয়োজনীয় জনবল নিয়োগ এবং দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করা কর্মচারীর চাকরির বিষয়টিও বিবেচনায় নেওয়া প্রয়োজন।

প্রতিষ্ঠার দুই দশকের বেশি সময় পেরিয়ে গেলেও ডব্লিউআরসির চিকিৎসা, অর্থায়ন, জনবল ও অবকাঠামোগত সীমাবদ্ধতা কাটেনি। একসময় বিদেশি বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা থাকলেও বর্তমানে কেন্দ্রটির কার্যক্রম মূলত শিক্ষকদের ব্যক্তিগত প্রচেষ্টার ওপর নির্ভরশীল। এমন পরিস্থিতিতে কেন্দ্রটির ভবিষ্যৎ উন্নয়নে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পরিকল্পনা কী, তা জানতে চাওয়া হয় প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ নজরুল ইসলামের কাছে।

তিনি বলেন, দেশবাসী সবাই জানে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটি প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। আমাদের এখানে প্রচুর গাছপালা ও বন্যপ্রাণী রয়েছে। এগুলো সংরক্ষণ করা আমাদের দায়িত্ব। বিশ্ববিদ্যালয় প্রশাসন সব সময়ই চায়, ক্যাম্পাসের বন্যপ্রাণীগুলো যেন নিরাপদ ও সুরক্ষিত পরিবেশে বসবাস করতে পারে।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে প্রাণিবিদ্যা বিভাগ রয়েছে, যেখান থেকে বন্যপ্রাণী সংরক্ষণে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। পাশাপাশি আমাদের বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্র রয়েছে। বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষক, শিক্ষার্থী ও গবেষক বন্যপ্রাণী সংরক্ষণ নিয়ে কাজ করছেন, তাদের সঙ্গে প্রাণিবিদ্যা বিভাগের সমন্বয় করে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করা গেলে এ বিষয়ে একটি সুনির্দিষ্ট প্রকল্প প্রণয়ন করা সম্ভব। পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও প্রাণিবিদ্যা বিভাগের উদ্যোগে প্রকল্পটি সরকারের কাছে উপস্থাপন করা যেতে পারে।

প্রো-উপাচার্য বলেন, এ ধরনের প্রকল্পের জন্য পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিত করা গেলে ডব্লিউআরসির অবকাঠামোগত উন্নয়ন, বন্যপ্রাণীর নিরাপত্তা ও সংরক্ষণ কার্যক্রম আরও জোরদার করা সম্ভব হবে। এর মাধ্যমে কেন্দ্রটিকে আরও সমৃদ্ধ ও কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করা যাবে।

প্রায় পাঁচ একর জায়গাজুড়ে গড়ে ওঠা ডব্লিউআরসি শুধু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নয়, দেশের বন্যপ্রাণী সংরক্ষণ ও গবেষণার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ সম্ভাবনা ধারণ করে। দীর্ঘদিন ধরে শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যক্তিগত প্রচেষ্টায় কেন্দ্রটির কার্যক্রম চালু থাকলেও কেবল ব্যক্তিগত উদ্যোগের ওপর নির্ভর করে একটি বিশেষায়িত সংরক্ষণকেন্দ্রের দীর্ঘমেয়াদি কার্যক্রম পরিচালনা করা কঠিন।

বন্যপ্রাণী উদ্ধার করাই সংরক্ষণের শেষ ধাপ নয়। উদ্ধার করা প্রাণীর প্রাথমিক চিকিৎসা, প্রয়োজনীয় পরিচর্যা, পর্যবেক্ষণ, পুনর্বাসন এবং উপযুক্ত প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা প্রতিটি ধাপের জন্য প্রয়োজন দক্ষ জনবল, চিকিৎসাসুবিধা, পর্যাপ্ত অর্থায়ন ও কার্যকর ব্যবস্থাপনা। একই সঙ্গে নিরাপদ সীমানা, সার্বক্ষণিক পাহারা এবং উদ্ধারকর্মীদের সঙ্গে সমন্বিত যোগাযোগব্যবস্থাও জরুরি।

আসিফ আল আজাদ

সম্পাদনা

আসিফ আল আজাদ

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট