শাহজালালে ৩ যাত্রী থেকে ৩২ লাখ টাকার মোবাইল-ল্যাপটপ-সিগারেট জব্দ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ থেকে আসা এক ফ্লাইটের তিন যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ৬৩১ কার্টন বিদেশি সিগারেট, একটি মোবাইল ও তিনটি ল্যাপটপ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩২ লাখ ৪০ হাজার টাকা।
মঙ্গলবার (৬ অক্টোবর) এ তথ্য জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা মো. আল-আমিন শেখ।
সিআইআইডির বরাত দিয়ে আল-আমিন শেখ জানান, সোমবার (৫ অক্টোবর) মহাপরিচালকের কাছ থেকে পাওয়া গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল, এয়ারপোর্টের (সি-শিফট) কর্মকর্তারা বিমানবন্দরে সতর্ক অবস্থান নেন। পরে শারজাহ থেকে ঢাকাগামী এয়ার অ্যারাবিয়ার জি৯ ৫৭ ফ্লাইটে আসা যাত্রীদের ব্যাগেজে স্ক্যানিং ও তল্লাশি চালানো হয়।
তল্লাশির একপর্যায়ে মোহাম্মদ শাহীন নামের এক যাত্রীর ব্যাগেজ থেকে ৩২০ কার্টন বিদেশি সিগারেট, একটি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ পাওয়া যায়।
একই ফ্লাইটের কে এম ফজলুল হক নামের আরেক যাত্রীর ব্যাগেজ থেকে ১২৫ কার্টন সিগারেট ও একটি ল্যাপটপ পাওয়া যায়।
এ ছাড়া বেলায়েত হোসেন ভূঁইয়া নামের আরেক যাত্রীর ব্যাগেজ থেকে ১৮৬ কার্টন সিগারেট ও একটি ল্যাপটপ জব্দ করা হয়।
আল-আমিন শেখ বলেন, ‘তিন যাত্রীর ব্যাগেজ থেকে মোট ৬৩১ কার্টন বিদেশি সিগারেট, একটি মোবাইল ফোন ও তিনটি ল্যাপটপ জব্দ করা হয়েছে। কাস্টমস গোয়েন্দা অধিদপ্তরের হিসাবে, জব্দ পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩২ লাখ ৪০ হাজার টাকা।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, গোপন তথ্য, যাত্রী প্রোফাইলিং ও নিবিড় নজরদারির মাধ্যমে বিমানবন্দরে চোরাচালান এবং ব্যাগেজ সুবিধার অপব্যবহার প্রতিরোধে অভিযান অব্যাহত রয়েছে।
